বিসিক ওয়ানস্টপ সার্ভিসে যুক্ত হলো পরিবেশ অধিদপ্তরের সেবা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২১:২৮

ইত্তেফাক রিপোর্ট

পরিবেশ অধিদপ্তরের ২৪টি সেবা ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে প্রদান করবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। এ লক্ষ্যে বিসিক এবং পরিবেশ অধিদপ্তরের মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিসিক সম্মেলনকক্ষে বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান, এনডিসি ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে শিল্প উদ্যোক্তাগণ বিসিক শিল্পনগরীগুলোতে শিল্প স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তরের প্রধান ছয়টি সেবা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ১৮টি সেবাসহ মোট ২৪ ধরনের সেবা বিসিক ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে গ্রহণ করতে পারবেন। প্রধান ছয়টি সেবার মধ্যে পরিবেশগত ছাড়পত্র, পরিবেশগত ছাড়পত্র নবায়ন, পরিবেশ অবস্থানগত ছাড়পত্র, ইমপ্যাক্ট এসেসমেন্ট (ইআইএ), টার্মস অব রেফারেন্স (টিওআর), জিরো ডিসচার্জ অনুমোদন। এছাড়াও ক্যাটাগরির ভিত্তিতে লাল, কমলা, সবুজ বিভিন্ন ছাড়পত্র পাওয়া যাবে ওয়ানস্টপ সেবায়।