সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে শেয়ারবাজারে

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২১:২৯

ইত্তেফাক রিপোর্ট

আগের কার্যদিবসের মতো সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবারও উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারে লেনদেন। গতকাল উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার পরিমাণে লেনদেনও। তবে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ২৯৭ দশমিক ২৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬ দশমিক ৫১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৫ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫৮৫ দশমিক ২৮ এবং ২৬৯১ দশমিক ৮২ পয়েন্টে। ডিএসইতে গতকাল ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৬৪টির বা ৪৩ দশমিক ৭৩ শতাংশের, দর কমেছে ১৭২টির বা ৪৫ দশমিক ৮৭ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির বা ১০ দশমিক ৪০ শতাংশের। ডিএসইতে গতকাল ২ হাজার ১৩৫ কোটি ৭৩ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৫৪ কোটি ৮৬ লাখ টাকার বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৯৮০ কোটি ৮৭ লাখ টাকার।