মূল ফটকের সামনে প্রয়োজন ফুটওভারব্রিজ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৪

ইসলামী বিশ্ববিদ্যালয় স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের ভৌগোলিক অবস্থান কুষ্টিয়া থেকে ২৪ কিলোমিটার এবং ঝিনাইদহ থেকে ২২ কিলোমিটার দূরে। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে দিয়ে চলে গেছে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক। যা বাংলাদেশের উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের চলাচলের জন্য প্রধান রুট হিসেবে বিবেচিত। প্রতিদিন এই রুটে চলাচল করে হাজার হাজার বাহন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে রাস্তা পার হওয়ার জন্য নেই কোনো ফুটওভারব্রিজ। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাস্তা পার হতে হয় ঝুঁকি নিয়ে। ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সংখ্যা ১২ হাজারের বেশি। অসংখ্যবার শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হয়েছে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে। কিন্তু আজ পর্যন্ত কখনোই সেখানে ফুটওভারব্রিজ স্থাপন করা হয়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক হওয়ায় সেখানে ফুটওভারব্রিজ রয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্প্রতি তাঁদের সামনের রাস্তায় ফুটওভারব্রিজ স্থাপন করার উদ্যোগ নিয়েছে, এ কাজে সহায়তা করছে সড়ক ও জনপথ বিভাগ। তাই শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারের জন্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ফুটওভারব্রিজ স্থাপনের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. শিহাব উদ্দিন

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া