জেমি জানতে চান তিনি আছেন কি নেই

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৯

সোহেল সারোয়ার চঞ্চল

লন্ডনে ফিরে গিয়ে পরিবারের সঙ্গে ফুরফুরে মেজাজেই কাটাচ্ছেন ইংলিশ কোচ জেমি ডে। পরিবারের সঙ্গে ঘুরেফিরে সময় কাটাচ্ছেন বলে লন্ডন থেকে জানিয়েছেন জেমি। সাফের এক সপ্তাহ আগে জেমিকে বাদ দিয়ে বাফুফে ক্লাব কোচ অস্কার ব্রুজনকে নিয়েছে। জেমি দুই-তিন দিন হোটেলরুমে বসে ছিলেন। পরে লন্ডনে চলে গিয়েছিলেন। যাওয়ার পর জেমি একটি ই-মেইল পাঠিয়েছেন বাফুফেকে। জানতে চেয়েছেন, তার চাকরি আছে কি নেই। জেমি দায়িত্ব পালন করবেন কি না, সেটা এখনো নিশ্চিত নয় বাফুফে এবং জেমি নিজে। তবে ঝুলে থাকতে রাজি নন তিনি। জেমি জানিয়েছেন, তিনি একটা চিঠি দিয়েছেন বাফুফেকে। আর বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘তারা জেমির একটা মেইল পেয়েছেন, যেখানে জেমি জানতে চেয়েছেন তিনি আছেন কি না। এক কথায় পরিষ্কার জানতে চেয়েছেন জেমির চাকরি আছে কি নেই।’ সোহাগ বলেন, ‘আমরা জেমিকে জানিয়েছি, বাফুফের ম্যানেজম্যান্ট সিদ্ধান্ত নিয়েছে সাফে অন্য একজন কোচ দায়িত্ব পালন করবেন। সাফের পরে জানানো হবে।’

সাফের পরে জেমি দায়িত্ব পালন করবেন কি না, তা নিয়ে আশঙ্কা আছে। কারণ সাফের বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের দায়িত্ব দেওয়া হয়েছে দেশি কোচ মারুফুল হককে। এরই মধ্যে মারুফ দলেও যোগ দিয়েছেন। এরপর নভেম্বরে শ্রীলঙ্কায় টুর্নামেন্ট খেলতে যাবে বাংলাদেশ। সেখানে কোন কোচ দায়িত্ব পালন করবেন তা এখনো চূড়ান্ত না করলেও পরিকল্পনা আছে বাফুফের। তবে এর আগে জেমি-পর্ব শেষ করতে হবে বাফুফেকে।

ঢাকা থেকে ই-মেইলের মাধ্যমে জেমির সঙ্গে কথা হয়েছিল। তার কথায় বোঝা যায়, দায়িত্ব হারিয়ে হতাশ নন তিনি। জেমি বলেন, ‘আগে যেমন ছিলাম, এখনো তেমন আছি।’ সাফের আগে হঠাত্ করে লন্ডনে ফিরে আসায় পরিবার কী বলল? জেমি বলেন, ‘আমাকে ঘরে পেয়ে আমার পরিবার খুব খুশি। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি। ভালোই লাগছে।’

জেমি সামনে নতুন কোনো চাকরিতে যোগ দিচ্ছেন কি না, প্রকাশ না করে বলেন, ‘এই প্রশ্নের জবাব দেওয়ার সময় এখনো আসেনি। বাফুফের সঙ্গে চাকরি আছে কি না, জানতে চাইলে জেমি বলেন, ‘আমি এখনো বাফুফের সঙ্গে চুক্তিবদ্ধ। মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বলতে পারছি না। বলতে পারি, আমার পরিবার খুশি হয়েছে আমি ঘরে ফিরে আসায়।’