ওমানে ক্যাম্প আবুধাবিতে প্রস্তুতি ম্যাচ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২১:৪০

স্পোর্টস রিপোর্টার

আইসিসি টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের মিশন শুরু হবে ওমান থেকে। এখানেই বিশ্বকাপের প্রথম রাউন্ডে নিজেদের তিনটি ম্যাচ খেলবে টাইগাররা। ওমানে ক্যাম্পের দিয়েই আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করবেন ক্রিকেটাররা। বিশ্বকাপ খেলতে আগামী ৩ অক্টোবর ওমানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রাত পৌনে ১১টায় উড়াল দিবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

ওমানে ক্যাম্প করলেও প্রথম রাউন্ডের আগে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। তাই পাশাপাশি দুটি দেশে আসা-যাওয়ার মধ্যে থাকতে হবে টাইগারদের। গতকাল বিশ্বকাপের প্রথম রাউন্ডে বাংলাদেশ দলের অনুশীলন, ম্যাচের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিসিবি।

সূচি অনুযায়ী আগামী ১ অক্টোবর মিরপুর স্টেডিয়ামে জাতীয় দলের টাইটেল স্পন্সর দারাজের শুটিংয়ে অংশ নিবেন ক্রিকেটাররা। পরদিন হবে করোনা ভাইরাসের পরীক্ষা। এদিন কঠোরভাবে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে সবাইকে। ৩ অক্টোবর রাতে ওমানের উদ্দেশ্যে যাত্রা। ওমানে পৌঁছে একদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে গোটা দলকে।  পরে ৫, ৬, ৭, ৮ অক্টোবর ওমানে অনুশীলন করবে বাংলাদেশ দল।

টানা চারদিন অনুশীলন শেষে ৯ অক্টোবর আবুধাবি যাবে মাহমুদউল্লাহ বাহিনী। সেখানেও একদিনের কোয়ারেন্টাইন রয়েছে। তারপর ১১ অক্টোবর অনুশীলন। আবুধাবিতে দুটি প্রস্তুতি ম্যাচ ১২ ও ১৪ অক্টোবর। প্রথম ম্যাচ শ্রীলঙ্কা ও দ্বিতীয় আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে টাইগাররা।

প্রস্তুতি ম্যাচের পালা শেষে ১৫ অক্টোবর আবারও ওমানে ফিরে যাবেন সাকিব-মুশফিকরা। ১৬ অক্টোবর বিকালে অনুশীলন। পরদিনই বিশ্বকাপের লড়াইয়ে নেমে যাবে মাহমুদউল্লাহ বাহিনী। ওমানে ১৭ অক্টোবর বিশ্বকাপের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল। পরে একই ভেন্যুতে ১৯ অক্টোবর স্বাগতিক ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে খেলবে টাইগাররা। প্রথম রাউন্ড শেষে ২২ অক্টোবর আবারও আমিরাতে ফিরবে বাংলাদেশের ক্রিকেটাররা। বিশ্বকাপের সুপার-১২ পর্বে উঠলে দুবাইয়ে একদিন কোয়ারেন্টাইন শেষে অনুশীলনে নামবেন মুস্তাফিজ-লিটনরা। এই রাউন্ডে বাংলাদেশ থাকবে ‘বি’ গ্রুপে। প্রথম রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার্সআপ হলেও বাংলাদেশকে ‘বি-১’ হিসেবেই ধরা হবে।