স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচনে গতকাল ছিল মনোনয়নপত্র বাছাইয়ের দিন। আজ আপিল গ্রহণ ও শুনানি অনুষ্ঠিত হবে। গত সোমবার মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৩২ জন পরিচালক প্রার্থী। আগামীকাল দুপুর ১২টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে। তারপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
মনোনয়নপত্র জমা দেওয়ার তালিকা অনুযায়ী তিন ক্যাটাগরিতেই নির্বাচনের সম্ভাবনা দেখা দিয়েছিল। বিশেষ করে ক্যাটাগরি-২ ক্লাব কোটায় ১২ পদের বিপরীতে ১৭ জন প্রার্থী ছিলেন। এ ক্যাটাগরিতে ভোটের লড়াই জমে ওঠার ইঙ্গিত ছিল। কিন্তু গতকাল বোর্ড পরিচালকদের বিশ্বস্ত সূত্রে জানা গেল, শেষ পর্যন্ত ক্যাটাগরি-২-এ নির্বাচনের সম্ভাবনা কমে গেছে। ভোট না হওয়ার আভাসই মিলছে।
সূত্র জানায়, আগামীকাল এ ক্যাটাগরি থেকে পাঁচ জন মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেন। মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাবের আব্দুর রহমান, ওল্ড ডিওএইচএসের সাইফুল ইসলাম ভুঁইয়া ও গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির রফিকুল ইসলাম মনোনয়নপত্র তুলে নেবেন বলেই জানা গেছে।
নির্বাচন করার চিন্তায় মনোনয়নপত্র তুলেছিলেন বিসিবির বর্তমান পরিচালক ও আম্বার স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর শওকত আজিজ রাসেল। একই আশা ছিল মোহামেডানের কাউন্সিলর, ক্লাবটির ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামানেরও। গতকাল সূত্র জানায়, শেষ পর্যন্ত সার্বিক পরিস্থিতি অনুকূলে না পাওয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন তারা।
ঠিক এমন কিছু হলে ক্লাবে ১২ পরিচালক পদের বিপরীতে থাকবেন সমানসংখ্যক প্রার্থী এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত হবেন। তাতে করে মোহামেডানের হকি কমিটির চেয়ারম্যান হয়েও বিসিবির পরিচালক হয়ে যেতে পারেন মনজুর আলম মঞ্জু। তবে ক্যাটাগরি-১, ক্যাটাগরি-৩-এ মনোনয়নপত্র প্রত্যাহারের সম্ভাবনা কম।
