ইত্তেফাক রিপোর্ট
আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠেয় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে গতকাল বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। বিএফইউজে নির্বাচনের ভোটার তালিকা থেকে বাদ পড়ায় হাইকোর্টে রিট করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তীর্থ সলিল পাল। তিনি বলেন, ভোটার তালিকায় আবেদনকারীর নাম নেই। এ কারণে নাম অন্তর্ভুক্ত চেয়ে তিনি রিট করেন। আদালত দুই মাসের জন্য নির্বাচন স্থগিত করে তাকে কেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না এই মর্মে রুল জারি করেছে। শ্রম সচিব, শ্রম অধিদপ্তরের মহাপরিচালকসহ পাঁচ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
