গাড়ি, মোবাইল, ল্যাপটপসহ জব্দ করা ১৬টি আলামত চিত্রনায়িকা পরীমণিকে ফেরত দিতে নির্দেশ দিয়েছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পরিদর্শক কাজী মোস্তাফা কামালকে এ নির্দেশ দেওয়া হয়। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার এ আদেশ দেন।
পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, মামলার তদন্তকারী সংস্থা সিআইডি পুলিশ দুটি জব্দ তালিকার মোট ১৬টি আলামত তাকে (পরীমণিকে) ফেরত দেওয়ার সুপারিশসহ একটি প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ‘যদি পরীমণিকে তার জব্দকরা আলামত ফেরত দেওয়া হয় সে ক্ষেত্রে মামলার তদন্তে কোনো বিঘ্ন ঘটবে না।’ শুনানি নিয়ে আদলত গাড়িসহ অন্যান্য আলামত ফেরত দেওয়ার নির্দেশ দেয়।
গত ১৫ সেপ্টেম্বর আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী পরীমণির ব্যবহূত সাদা রঙের গাড়ি, মোবাইল ও ল্যাপটপসহ অন্যান্য জব্দকরা আলামত ফেরত চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তদন্ত কর্মকর্তাকে বিআরটিএ থেকে গাড়ির সঠিক মালিকানা যাচাই এবং অন্যান্য জব্দকরা আলামতের বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
