বঙ্গোপসাগরে চারটি ফিশিংবোড ডুবি এক জনের মৃত্যু

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২২:১৪

ঘূর্ণিঝড় গুলাবের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগরের দুবলারচর এলাকায় মঙ্গলবার চারটি ফিশিংবোট ডুবির ঘটনায় রুহুল খাঁ (৫০) নামে এক বোট মালিকের মৃত্যু হয়েছে। এদিকে প্রবল ঢেউয়ে সাগরে টিকতে না পেরে ফিশিংবোটবহর সুন্দরবনসহ উপকূলের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে।

পূর্ব সুন্দরবনের জেলেপল্লি দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রলাদ চন্দ্র রায় মোবাইল ফোনে জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মঙ্গলবার ভোরে দুবলার অফিসকেল্লা ও নারিকেলবাড়িয়া এলাকার সাগরে দুইটি ফিশিংবোট ডুবে যায়। এর মধ্যে অফিসকেল্লা এলাকায় বোট মালিক রুহুল খাঁ সাগরে ডুবে মারা গেছে। নিহত রুহুল খাঁ বরগুনার পাথরঘাটার দক্ষিণ চর দুয়ানী গ্রামের এছাহাক খানের পুত্র। দুইটি বোট ডুবিতে সাগরে ভাসমান ১৪ জেলেকে অন্য ফিশিংবোটের জেলেরা উদ্ধার করে নিয়ে যায়। প্রবল ঢেউয়ে সাগরে মাছ ধরতে না পেরে অনেক ফিশিংবোট দুবলার মেহেরআলী, ভাঙ্গাখাল, ভেদাখালী, নারিকেলবাড়িয়াসহ সুন্দরবনের বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে বলে ঐ কর্মকর্তা জানান। অন্যদিকে পিরোজপুরের পাড়েরহাটের আলাল মিয়া নামে এক জেলে মোবাইল ফোনে জানান, গভীর সাগর থেকে উপকূলে আসার পথে মঙ্গলবার বিকালে মাঝেরকেল্লা এলাকার সাগরে পিরোজপুরের ভাণ্ডারিয়ার হেতালিয়া গ্রামের হারুন মিয়ার মালিকানাধীন ফিশিংবোট এফবি শাহজালাল-২ ডুবে গেছে। ডুবে যাওয়া ঐ বোটের জেলেদের অন্য বোটের জেলেরা উদ্ধার করেন। এছাড়া ডুবে যাওয়া এফবি শাহজালাল-২ বোটের মাঝি আলমগীর মোবাইল ফোনে জানান, দুবলারচর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে গভীর সাগরে মঙ্গলবার বেলা ১১টার দিকে ১০-১২ জন জেলেসহ একটি ফিশিংবোটকে তিনি ডুবতে দেখেছেন এবং ঐ বোটের জেলেরা সাগরে ভাসছিল বলে তিনি জানান।