দেশে পৌঁছেছে ফাইজারের আরো ২৫ লাখ টিকা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২২:১৫

কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে ফাইজার-বায়োএনটেকের আরো ২৫ লাখ ডোজ করোনার টিকা দেশে এসেছে। মঙ্গলবার ভোর ৫টায় টিকার এই চালান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। ঢাকায় মার্কিন দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর. মিলার যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জন্য উপহার হিসেবে ফাইজারের তৈরি অতিরিক্ত ২৫ লাখ ডোজ টিকা পৌঁছানোকে স্বাগত জানিয়েছেন। ফাইজারের এই টিকাগুলো এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকার ও দেশটির জনগণের পক্ষ থেকে দেওয়া ফাইজার ও মডার্নার তৈরি মোট ৯০ লাখ ডোজ টিকা অনুদানের অতিরিক্ত। রাষ্ট্রদূত মিলার বলেন, যত বেশি সম্ভব মানুষকে টিকা প্রদানের এই প্রচেষ্টায় বাংলাদেশ সরকারের সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত।