টিআইবির অনুষ্ঠানে বক্তারা

তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়নে জনসচেতনতা বাড়াতে হবে

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২২:১৫

দেশে যখন অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের মতো ঔপনিবেশিক আইনের সুযোগ নিয়ে গোপনীয়তার সংস্কৃতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, তখন তথ্য অধিকার আইনের ব্যাপক প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ আইনের কার্যকর সুফল পেতে স্থানীয় ও নীতিনির্ধারণী পর্যায়ে ব্যাপক প্রচারণা ও সচেতনতা তৈরি করতে হবে। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘তথ্য অধিকার আইন :বাংলাদেশের অভিজ্ঞতা’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনায় বক্তারা এ কথা বলেন।

আলোচনা অনুষ্ঠানের আগে তথ্য অধিকার আইন বিষয়ক পলিসি প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। পরে আলোচনায় অংশগ্রহণ করেন দৈনিক আজকের পত্রিকার সম্পাদক ড. গোলাম রহমান, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, ম্যানেজমেন্ট রিসোর্সেস অ্যান্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশের (রিব) সহকারী পরিচালক রুহি নাজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আসিফ শাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ও সঞ্চালনা করেন আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক শেখ মনজুর-ই-আলম।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার প্রান্ত ও ইফফাত হকের সমন্বয়ে গঠিত টিম ‘প্লাগড ইন’। যথাক্রমে প্রথম ও দ্বিতীয় রানার আপ হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী তাওহীদ ও কাজী আকিব হোসেনের দল ‘ইউটোপিয়া’ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহনীল জুলকারনাইন ও হুমায়রা মীযানের দল ‘প্যারাডাইম শিফটারস’।