আমি নির্বাচন করতে নয়, স্বৈরাচারের পতনের জন্য এসেছিলাম ---------- এমপি নিক্সন চৌধুরী

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২২:২৬

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আমি ফরিদপুর-৩ আসনে নির্বাচন করতে আসি নাই, আমার আসন ফরিদপুর-৪। আমি এখানে এসেছিলাম, এক দানবের উত্থান হয়েছিল, তার পতনের জন্য। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে শুরু হওয়া শুদ্ধি অভিযানের সফলতার জন্য ফরিদপুর এসেছিলাম। দানবের পতন হয়েছে, ফরিদপুরের জনগণ মুক্ত হয়েছে। এখন আসব, যখন আপনারা দাওয়াত দিবেন তখন আসব। জননেত্রী শেখ হাসিনা ফরিদপুর সদরে যাকে মনোনয়ন দিয়ে পাঠাবেন তাকে নির্বাচিত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে জেলা যুবলীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিক্সন চৌধুরী আরো বলেন, শুধু ফরিদপুর নয়, শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে সারা দেশে মানবিক যুবলীগ গঠিত হবে। যুবলীগ হবে জামায়াত শিবিরের প্রেতাত্মা মুক্ত। যার উদাহরণ ইতিমধ্যে ফরিদপুর যুবলীগের কমিটি গঠনের মধ্যদিয়ে আপনারা পেয়েছেন। পুরো কমিটিতে একজনও জামায়াত শিবির বিএনপি পাবেন না।

জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোল মাস্টার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও এ কে এইচ গ্রুপের পরিচালক শামীম হক, সহ-সভাপতি ও হামিম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ, পৌর মেয়র অমিতাভ বোস, সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর ছেলে ও রাজনৈতিক প্রতিনিধি শাহাদাব আকবর লাবু চৌধুরী, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ফারুক হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ প্রমুখ।

নিক্সন চৌধুরী ফরিদপুর অম্বিকা ময়দানে এসে প্রথমে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে কেক কাটেন।