আলোচিত ধর্মীয় বক্তা মুফতি ইব্রাহিম আটক

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২২:২৯

নানা বক্তব্যের কারণে আলোচিত-সমালোচিত ধর্মীয় বক্তা মুফতি কাজী ইব্রাহিমকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার রাত ২টার দিকে রাজধানীর লালমাটিয়া জাকির হোসেন রোডের বাসা থেকে তাকে আটক করে ডিবির একটি দল। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, তাকে আটক করে ডিবি কার্যালয়ে হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার দুপুরে ডিএমপির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তরের যুগ্ম-কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশীদ বলেন, মুফতি কাজী ইব্রাহিম করোনা নিয়ে মিথ্যা তথ্য প্রচার করছেন। সম্প্রতি করোনা ভাইরাসের টিকা নিয়ে তার বিভিন্ন বক্তব্য ভাইরাল হয়। মুফতি ইব্রাহিম ফেসবুক ও ইউটিউবসহ তার ওয়াজে উলটাপালটা কথা বলে আসছেন।

সোমবার রাতেও ফেসবুক লাইভে তিনি বাংলাদেশের মানুষকে হিন্দুস্থানের দালাল ও ‘র’-এর এজেন্ট বলে প্রচার করেছেন। তিনি বিভিন্ন সময়ে করোনা নিয়ে মিথ্যা তথ্য প্রচার ও ধর্মীয় উসকানিমূলক বক্তব্য প্রচার করেছেন। যা নিয়ে আলোচনা-সমালোচনা, বিতর্ক হচ্ছে। সেসব  বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তিনি জিজ্ঞাসাবাদে সন্তোষজনক বক্তব্য দিতে না পারলে তার বিরুদ্ধে মামলাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে, সোমবার রাতে তার বাসায় ডিবি পুলিশের উপস্থিতির খবরে ফেসবুক লাইভে এসে ‘র’ এর এজেন্ট, গুন্ডা ডিবি পুলিশ তার বাসা ঘেরাও করেছে বলে অভিযোগ তুলে ২০ মিনিটের বেশি সময় লাইভে কথা বলেন মুফতি ইব্রাহীম।

উল্লেখ্য, মুফতি কাজী ইব্রাহিম করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের সূত্র দেওয়া থেকে শুরু করে বিজ্ঞানসহ নানা বিষয়ে ওয়াজ করেছেন। তিনি এমন বক্তব্যও দিয়েছেন যে, করোনা ভাইরাসের টিকা দেওয়ার কারণে নারীর দাঁড়ি গজাচ্ছে, পুরুষের কণ্ঠ পালটে নারীকণ্ঠ হচ্ছে।