৬ দফা দাবি ঘোষণা

রাইড শেয়ারিং চালকদের কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০০:৩০

সড়কে পুলিশি হয়রানি বন্ধ ও রাইড শেয়ারিং চালকদের শ্রমিক হিসেবে স্বীকৃতিসহ ৬ দফা দাবি জানিয়েছে অ্যাপভিত্তিক ড্রাইভার্স ইউনিয়ন অব বাংলাদেশ। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে কর্মবিরতি পালন ও মানববন্ধন থেকে ইউনিয়নের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ এ দাবি জানান। মানববন্ধন কর্মসূচিতে ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভার্স ইউনিয়ন, সম্মিলিত রাইডার্স অব চট্টগ্রাম ও কোথায় যাবেন রাইড শেয়ারিং গ্রুপ একাত্মতা পোষণ করে।

উল্লেখ্য, গত সোমবার রাজধানীর বাড্ডায় শওকত আলী নামের এক রাইডারের কাছ থেকে ট্রাফিক সার্জেন্ট কাগজপত্র নিয়ে গেলে মামলা না দেওয়ার অনুরোধ জানান শওকত। তিনি গাড়ির কাগজপত্র ফেরত চান। কিন্তু কাগজপত্র ফেরত না পেয়ে হতাশ ও ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন দেন শওকত। এ ঘটনার প্রতিবাদে পুলিশি হয়রানি বন্ধসহ ৬ দফা দাবিতে গত সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে পরবর্তী ২৪ ঘণ্টা কর্মবিরতি এবং মানববন্ধনের ঘোষণা দেয় অ্যাপভিত্তিক ড্রাইভারস ইউনিয়ন অব বাংলাদেশ।

এদিকে গতকাল মঙ্গলবার মোটরবাইকের রাইড শেয়ারিং সদস্যদের কর্মবিরতি চলায় রাজধানীতে সিএনজি অটোরিকশা অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রী পরিবহন করে। এ নিয়ে রাজধানীর মোড়ে মোড়ে সিএনজি চালকের সঙ্গে যাত্রীদের দরকষাকষি ও তর্কবিতর্ক হতে দেখা যায়।

মানববন্ধনে বক্তারা বলেন, রাইড শেয়ারের চালকের বাইক পুড়িয়ে ফেলা তারা সমর্থন করেন না। কিন্তু কোনো পরিস্থিতিতে বাইকার এমন কাজ করতে বাধ্য হলেন, তা সরকারকে খতিয়ে দেখার আহ্বান জানান তারা।

সংগঠনটির সাধারণ সম্পাদক বেলাল আহমেদ বলেন, এক সপ্তাহের মধ্যে এ ব্যাপারে সরকারকে স্মারকলিপি দেওয়া হবে। তারপরও দাবি আদায় না হয় আবার রাজপথে নামতে বাধ্য হবেন রাইড শেয়ারের চালকেরা।