ঋণ পুনর্গঠনে আরো ৩ মাস সময় পাচ্ছে চামড়াশিল্প

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০০:৩১

করোনার প্রভাব এবং কোরবানির চামড়া সংরক্ষণের বিষয়টি বিবেচনায় নিয়ে চামড়াশিল্প খাতে ঋণ পুনর্গঠন, পুনঃতপশিল ও এক্সিট-সুবিধা নেওয়ার সময় ৩০ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে তিন দফায় সময় বাড়ানো হলো। আগের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২ শতাংশ ডাউনপেমেন্ট করে এই সুবিধা নিতে পারবে প্রতিষ্ঠানগুলো। আগের সময়সীমা ছিল ৩০ জুন পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে গতকাল মঙ্গলবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সব বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়।