শেখ হাসিনা বিপদসংকুল পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করেছেন : আমু

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০০:৩২

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপদসংকুল পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করেছেন। তার কারণেই বাংলাদেশ নব্য পাকিস্তান হওয়া থেকে রক্ষা পেয়েছে। খাদ্য ঘাটতির বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছেন। বাঙালি জাতিকে নতুন ধারায় প্রতিষ্ঠিত করেছেন। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এ ব্লক অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভাপতির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। আর জননেত্রী শেখ হাসিনার জন্ম না হলে আমরা আজকের বাংলাদেশ পেতাম না।

আলোচনাসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহিন আকতার, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, স্বাধীনতা চিকিত্সক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, স্বাধীনতা চিকিত্সক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিত্সক, কর্মকর্তা, নার্স, কর্মচারীরা।