দেশীয় অর্থে পদ্মা সেতুর চেয়েও বড় প্রকল্প বাস্তবায়ন সম্ভব ——— স্থানীয় সরকারমন্ত্রী

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০০:৩৩

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর চেয়েও বড় প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা দেশের রয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ঢাকা উত্তর সিটির উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত ‘স্বপ্নের রূপকার’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মানুষের মাথাপিছু আয়, জিডিপির প্রবৃদ্ধি, বৈদেশিক রিজার্ভসহ বিভিন্ন অর্থনৈতিক সূচকে বাংলাদেশ অনন্য উচ্চতায় পৌঁছেছে। অর্থনীতিতে দেশে বিপ্লব সাধিত হয়েছে। একমাত্র শেখ হাসিনার নেতৃত্বেই উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়া সম্ভব। পরে স্থানীয় সরকারমন্ত্রী বস্তিবাসীর জন্য টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন পরিদর্শন করেন। ঢাকা উত্তর সিটি মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগদান করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।