প্রধানমন্ত্রীর জন্মদিন উদ্যাপনে মুখর সাংস্কৃতিক অঙ্গন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০০:৩৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে গতকাল সাংস্কৃতিক অঙ্গন নানা আয়োজনে দিবসটি উদ্যাপন করেছে। আলোচনা, আবৃত্তি, চলচ্চিত্র প্রদর্শন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নাটক মঞ্চায়ন ও চিত্রকর্ম প্রদর্শনসহ বর্ণাঢ্য আয়োজনে সাজানো ছিল দিবসটি।

শিল্পকলা একাডেমি

একাডেমির অনুষ্ঠানের শুরুতেই ৭৫ শিশু ৭৫টি মোমবাতি প্রজ্বালন করে মঞ্চে প্রবেশ করে এবং শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটা হয়। পরে সাংস্কৃতিক পর্বে অংশ নেয় একাডেমির শিশু সংগীতদল। অনুষ্ঠানে ৭৫ জন কবির ৭৫টি কবিতা নিয়ে ‘মানবতার জননী শেখ হাসিনা : নিবেদিত পঙক্তিমালা’ শিশুদের নিয়ে গ্রন্থের মোড়ক উন্মোচন করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। একক সংগীত পরিবেশন করেন—সাব্বির জামান, হোমায়রা বশির, রন্টি দাস, আবু বকর সিদ্দিক, রোমানা ইসলাম ও শফি মণ্ডল। কবিকণ্ঠে কবিতা পাঠ করেন তারিক সুজাত এবং ঝর্ণা রহমান। আবৃত্তি করেন ডালিয়া আহমেদ এবং মাহিদুল ইসলাম মাহি। একাডেমির চিত্রশালায় শুরু হয়েছে ‘শেখ হাসিনা : বিশ্বজয়ী নন্দিত নেতা’ শিরোনামের মাসব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী। প্রদর্শনীতে হাতে আঁকা ৪৩/৩২ ফুট দৈর্ঘ্যের প্রধানমন্ত্রীর সর্ববৃহত্ প্রতিকৃতি অঙ্কন করা হয়। ২২ ও ২৩ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমি একটি আর্ট ক্যাম্পের আয়োজন করে। ঐ ক্যাম্পে অংশ নেয় ৭৫ জন নারী শিল্পী। আর্ট ক্যাম্পের সেসব চিত্রকর্ম দিয়েই সাজানো হয়েছে এই প্রদর্শনী। বেলা ১১টায় শিল্পকলা একাডেমির চিত্রশালায় অনুষ্ঠিত হয় শতাধিক শিশু-কিশোরের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

নাটক ‘মুজিবের মেয়ে’

সন্ধ্যায় ‘মুজিবের মেয়ে’ নামের দুই দিনের নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করেছে কাঁচখেলা রেপার্টরি থিয়েটার। বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে শেষ হয় দুই দিনের এই মঞ্চায়ন। নাসরীন মুস্তাফা রচিত নাটকটির নির্দেশনায় ছিলেন আইরিন পারভীন লোপা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন—সায়েম সামাদ, তাবেদার-ই-রসুল চান্নু, অশোক বিশ্বাস সাগর, শামীম আহমেদ, আসমা-উল-হুসনা, মুস্তাফিজ শেখ, মুনমুন খান,  এন আই টিপু, মির্জা সম্রাট, রাফিউল ইসলাম অনিক, সেজান জামান, ওয়াহিদুল ইসলাম প্রমুখ

বাংলা একাডেমি

সকালে বাংলা একাডেমি আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘শেখ হাসিনার সৃষ্টিশীলতা’ শীর্ষক সেমিনার ও তিন দিনব্যাপী বই প্রদর্শনীর উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এতে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. রাশিদ আসকারী। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ভবনে শেখ হাসিনা রচিত ও সম্পাদিত বইয়ের তিন দিনের প্রদর্শনী উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন লিলি ইসলাম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মৃতিকথা থেকে পাঠ করেন রূপা চক্রবর্তী।

হাসুমণির পাঠশালা : শিল্পকর্ম প্রদর্শনী ও গোলটেবিল আলোচনার মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করেছে হাসুমণির পাঠশালা।  গতকাল পাবলিক লাইব্রেরিতে শুরু হয় এই জন্মোত্সব। এতে ৭৫ ফুট ক্যানভাসে শতাধিক শিল্পী ছবি আঁকেন। উন্মুক্ত স্থানে প্রদর্শিত হয় শেখ হাসিনার বিভিন্ন বয়সকালের শিল্পীদের আঁকা বৈচিত্র্যময় পোর্টেট, সুই-সুতার কাজের পোর্টেট ও ভাস্কর্য। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান। প্রধান আলোচক ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এবং স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যাপক জুনায়েদ হালিম। সভাপতিত্ব করেন হাসুমণির পাঠশালার সভাপতি মারুফা আক্তার পপি।

বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ‘মুজিব আমার পিতা’ চলচ্চিত্র

‘মুজিব আমার পিতা’ নামের এনিমেটেড চলচ্চিত্রের প্রিমিয়ার শোর আয়োজন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। গতকাল বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় এই চলচ্চিত্রটির প্রিমিয়ার শো। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সভাপতিত্বে এতে আরো বক্তৃতা করেন বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদ্যাপন কমিটির আহ্বায়ক কামাল আব্দুল নাসের চৌধুরী। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন সোহেল মোহাম্মদ রানা।

অটিস্টিক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ‘ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরো ডিজঅর্ডার অ্যান্ড অটিজম (ইপনা)’ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। এতে ইপনার ‘এফ’-ব্লকের অটিজম স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনলাইনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন ইপনার পরিচালক অধ্যাপক শাহীন আখতার।