সরকারকে ‘ফেয়ারওয়েল’ দেওয়ার সময় এসে গেছে : রিজভী

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০০:৩৮

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের নেতারা বলেন সাহস থাকলে তারেক রহমান দেশে আসুক। তাদের বলি, সাহস থাকলে নির্দলীয়-নিরপেক্ষ নির্বাচন দেন না। আপনাদের সাহস থাকলে একটা শক্তিশালী নির্বাচন কমিশন দেন দেখি। সেই সাহস আপনাদের নেই। নিজেরা পদত্যাগ করে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দেন। দেখি সাহস আছে কি না। সেই সাহস আপনাদের নেই। তাই রাজপথে আন্দোলন করে জনগণের অধিকার জনগণ আদায় করে নেবে। তিনি বলেন, এখন এই সরকারকে ফেয়ারওয়েল দেওয়ার সময় এসে গেছে। অল্প কিছুদিনের মধ্যে এই আওয়ামী লীগ সরকারের ফেয়ারওয়েল হয়ে যাবে জনগণের কাছ থেকে।

গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মানবসেবা সংঘের উদ্যোগে ‘নির্দলীয় নিরপেক্ষ সরকার ও বহুদলীয় গণতন্ত্র’ শীর্ষক এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি সঞ্জয় দে রিপনের সভাপতিত্বে আলোচনাসভায় আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, বিএনপির পল্লি উন্নয়নবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, শিক্ষাবিষয়ক সম্পাদক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সহসভাপতি কাজী রওনকুল ইসলাম (শ্রাবণ) প্রমুখ।