ক্রিকেটে বাংলাদেশ জিতলে আপনার সোশ্যাল মিডিয়া নিউজফিড ক্রিকেটীয় আলাপে ভরপুর থাকে নিশ্চয়ই? কিন্তু কয়েক বছর আগেও এই চিত্র ছিলো অনেকটাই ভিন্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিলোনা ক্রিকেটীয় আমেজ, ছিলোনা বাংলাদেশ ক্রিকেটের নিজস্ব কোনো প্রোফাইল। ক্রিকেটপ্রেমী রবিউল তখন ভাবতেন, সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট নিয়ে মাতামাতি আর লাল-সবুজের রং ছড়িয়ে পড়লে কতই না সুন্দর হতো!
ক্রিকেটপ্রেমী এই তরুণের পুরো নাম রবিউল আলম। পড়াশোনা করেছেন ঢাকা ও অস্ট্রেলিয়ায়। পেশাগতভাবে পারিবারিক ব্যবসা শিপিং এবং লজিস্টিকের সাথে জড়িত থাকলেও ছাত্রজীবন থেকেই চেয়েছিলেন প্রিয় ক্রিকেট নিয়ে ভিন্নভাবে কাজ করবেন। একসময় হয়ে ওঠলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিজিটাল মিডিয়া অ্যাসেটটির পেছনের কারিগরও।
'২০১৩ সালে যখন ডিজিটাল এজেন্সির কাজ শুরু করি, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিসিবির কোনো নিজস্ব প্রোফাইল কিংবা পরিচিতি ছিল না। ক্রিকেট পাগল একটা দেশে এমন হওয়ার কথা না।'—বলছিলেন রবিউল। সেসময় #riseofthetiger হ্যাশট্যাগের প্রচলন করলেন। ২০১৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে এশিয়া কাপের ফাইনালের পর সোশ্যাল মিডিয়াজুড়ে ছড়িয়ে পড়ে বাংলাদেশ ক্রিকেটের লেগো সম্বলিত একটি ফেসবুক প্রোফাইল পিকচার ফ্রেম। রবিউলের হাতে তৈরি সেই ফ্রেমটি ব্যবহার করেছিলো ৬.৬ মিলিয়নের বেশি ফেসবুক ব্যবহারকারী।

এছাড়া ফেসবুক, টুইটার কিংবা ওয়েবসাইট পরিচালনা ও নিয়ন্ত্রণের সামগ্রিক রূপ ডিজিটাল মিডিয়া অ্যাসেট তৈরি করেন তিনি। ২০১৬ সালে বিসিবির সাথে কাজ শেষ করলেও ছেড়ে যাননি ক্রিকেটকে, কাজ করে যাচ্ছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দল এবং খেলোয়াড়দের সাথে। ডিজিটাল মিডিয়া সেবাসমূহ ছাড়াও ক্রিকেট দুনিয়ার সব রকম খবরাখবর হাজির করা অনলাইন পোর্টাল 'ডেইলি ক্রিকেট' এর প্রতিষ্ঠাতাটাও রবিউল। দেশের ক্রিকেট ও মিডিয়া সংশ্লিষ্ট কাজকর্ম দিয়ে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ক্রিকেটের নাম উজ্জ্বল করার একজন অংশগ্রহণকারী হিসেবেই যুক্ত থাকতে চেয়েছেন সবসময়।
ইত্তেফাক/এসটিএম
