আনন্দ বিনোদন প্রতিবেদক
দীর্ঘদিনের ক্যারিয়ারে অসংখ্য সফল সিনেমা উপহার দিয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। অনেকদিন ধরেই বড়পর্দায় দেখা মিলছে না তার, তবে শিগগিরই দেখা মিলবে বলে জানা গেছে। অবশ্য তার আগে প্রথমবারের মতো ওটিটিতে অভিষেক হতে যাচ্ছে এ নায়িকার। আজ বৃহস্পতিবার দেশীয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে পূর্ণিমা ও চঞ্চল চৌধুরী অভিনীত ওয়েব ফিল্ম ‘মুন্সিগিরি’। এটি পরিচালনা করেছেন ‘আয়নাবাজি’ খ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।
ওয়েব ফিল্মটিতে চঞ্চল চৌধুরী গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন। শিবব্রত বর্মণের গল্পে নির্মিত এই ওয়েব ফিল্মটিতে সরকারি কর্মকর্তার মৃত্যু রহস্যের তদন্ত করবেন মাসুদ মুন্সি নামে পুলিশের একজন গোয়েন্দা। এই চরিত্রে থাকছেন চঞ্চল। নিহত সরকারি কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে পূর্ণিমাকে। এতে অভিনয় করছেন শবনম ফারিয়াসহ আরো অনেকে। হাফ স্টপ ডাউনের ব্যানারে নির্মিত এই ওয়েব ফিল্মের এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কাজ করেছেন মেহজাবিন রেজা চৌধুরী ও মো. আসাদুজ্জামান।
এই ছবি প্রসঙ্গে নন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, ‘আয়নাবাজি’র মতো এই ছবির গল্পও অসাধারণ। নির্মাণের দিক থেকে অমিতাভ রেজা নিঃসন্দেহে একজন ভালো নির্মাতা। আশা করছি ছবিটি দর্শকদের ভালো লাগবে।’
‘মুন্সিগিরি’ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘আমি তো আসলে পর্দার জন্যই কাজ করেছি। সেখান থেকে নতুন প্ল্যাটফর্মের জন্য করা এটি আমার প্রথম কাজ। আর তাই ওটিটি নিয়ে আমার এখনো তেমন অভিজ্ঞতা নেই। অমিতাভ রেজা চৌধুরী অবশ্যই নিঃসন্দেহে একজন গুণী নির্মাতা। এছাড়া সাসপেন্স থ্রিলার গল্পেও এটা আমার প্রথম কাজ। দর্শকদের দেখতেও ভালো লাগবে। এক সিক্যুয়েন্সের পরের সিক্যুয়েন্স কী হবে, এরকম সাসপেন্স রয়েছে অনেক। দর্শক এটা উপভোগ করবে বলেই আমার বিশ্বাস।’
প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘অন্যান্য অনেকের মতো এই প্ল্যাটফর্মটি আমার জন্যও নতুন। কারণ, এবারই প্রথম কাজ করেছি। সেই অর্থে এখনো কোনো অভিজ্ঞতা নেই। এ মাধ্যমে আমি নতুনই বলা যায়। নেটফ্লিক্স, অ্যামাজনে মানুষ মান্থলি পেমেন্ট করে কন্টেন্ট দেখছেন। আর বাংলাদেশে যেসব ওটিটি প্ল্যাটফর্ম আসছে সেসব অ্যাপস কিনে দর্শক যদি দেখে তাহলে আমার মনে হয় এটারও ভবিষ্যত্ ভালো। কিন্তু এখানে পাইরেসির বিষয়টা আমি জানি না ঠিক।’
তিনি আরও বলেন, ‘এখন তো খুব বেশি একটা কাজ করছি না। পরিবারকে সময় দেওয়া এবং এর ফাঁকে ফাঁকে বিভিন্ন প্রমোশনাল কাজগুলো করা হচ্ছে। বিজ্ঞাপনে কাজ করলাম। এরমধ্যে বেশকিছু কাজের প্রস্তাব পেয়েছি ওটিটি প্ল্যাটফর্মের জন্য, কিন্তু সেগুলো ফিরিয়ে দিতে হয়েছে। আমার মেয়ের অনলাইন ক্লাস করাতে হয়, ওর পাশে থাকতে হয় সারাক্ষণ। যে কারণে এখন করতে পারব না। চাইলে এখন ৪/৫টি ওটিটির কাজ করতে পারতাম, কিন্তু আমি-ই পারছি না।’
