এনজিও কর্মীর চরিত্রে

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ২০:২৪

 আনন্দ বিনোদন প্রতিবেদক

 

একটি এনজিও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠার ৫০ বছর উপলক্ষে নির্মিত একটি তথ্যচিত্রে এনজিও কর্মীর ভূমিকায় অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী অভিনেত্রী অপর্ণা ঘোষ। গতকাল ছিল এই অভিনেত্রীর জন্মদিন। জন্মদিনটি বাবা-মায়ের সঙ্গে উদযাপন করবেন বিধায় তিনি তথ্যচিত্রটির কাজ শেষ করেই চট্টগ্রামে চলে গেছেন। এটি নির্মাণ করেছেন টনি। তথ্যচিত্রটিতে অভিনয় প্রসঙ্গে অপর্ণা ঘোষ বলেন, ‘আমাদের দেশে যখন এনজিওগুলোর কাজ শুরু হয় তখন একজন নারীকে নানা প্রতিবন্ধকতার মধ্যদিয়ে কাজ করতে হয়েছে। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে আজ বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানে নারীরা নিজেদের আলোকিত অবস্থান সৃষ্টি করতে পেরেছে। তো আমি ঠিক তেমনি একজন সংগ্রামী এনজিওকর্মীর ভূমিকায় অভিনয় করেছি। আমার কাছে মনে হয়েছে একজন শিল্পী হিসেবেই শুধু নয়, একজন মানুষ হিসেবে নিজের দায়িত্ববোধের জায়গা থেকে এমনকিছু  কাজ করা উচিত যা সমাজের কাজে আসে এবং বিশেষত নারীরাও যেন অনুপ্রাণিত হন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা নির্মাতার প্রতি এবং যে এনজিও প্রতিষ্ঠানের জন্য আমি কাজটি করেছি সেই প্রতিষ্ঠানের প্রতি।’

অপর্ণা ঘোষ জানান, গতকাল তার জন্মদিনে মুঠোফোনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কর্মক্ষেত্র ছাড়াও, তার ভক্ত দর্শক, আত্মীয়-স্বজন, বন্ধুবান্বসহ আরো অনেকেই নানাভাবে সুন্দর সুন্দর কথা লিখে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তাতে তিনি ভীষণ আবেগাপ্লুত। জন্মদিনে পরিবারের সবার সঙ্গে সময় কাটিয়েও তিনি বেশ খুশী।

তিনি আরো জানান, এবারের চট্টগ্রাম যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তার ছোটবোন মৃত্তিকার বিয়ে। অক্টোবরের প্রথম সপ্তাহে মৃত্তিকার বিয়ে অনুষ্ঠিত হবে। আর এ উপলক্ষে অপর্ণার স্বামী জাপান থেকে শিগগিরই দেশে আসছেন।

এদিকে অপর্ণা এরইমধ্যে আরিফ খানের নির্দেশনায় ‘দোলাচল’ ওয়েব সিরিজের কাজ সমাপ্ত করেছেন। গাজী রাকায়েত পরিচালিত ‘মৃত্তিকা মায়া’ সিনেমায় অভিনয় করে অপর্ণা ঘোষ প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। অপর্ণা অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা হচ্ছে ‘গন্ডি’। যেকোনো সময় শুটিং শুরু হতে পারে ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ নামের একটি সিনেমার। বর্তমানে তিনি ‘বিবাহ হবে’ ও ‘মেহমান’ নামের দুটি ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন। সাম্প্রতিক সময়ে অপর্ণা ও এফ এস নাঈম অভিনীত ‘ঘরবন্দী’ নাটকটি বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। এটি নির্মাণ করেছেন সোয়াইবুর রহমান রাসেল।