রে জা উ ল ক রি ম খো ক ন
তিনিই একমাত্র দক্ষিণী সিনেমার অভিনেত্রী, যিনি গত ২০১৮ সালে ফোর্বস ইন্ডিয়া সেরা-১০০ সেলিব্রিটিদের একজন হিসেবে বিবেচিত হয়েছেন। ৩৬ বছর বয়সী এই চিত্র তারকার বার্ষিক আয় তখন ধরা হয়েছে ১৫ দশমিক ১৭ কোটি রুপি। তার অভিনীত ছবির সংখ্যা এর মধ্যেই ৭৫ অতিক্রম করেছে। এর মধ্যে তামিল, তেলেগু এবং মালায়লাম—তিন ভাষারই ছবি রয়েছে। এত যোগ্যতা এবং শ্রেষ্ঠত্ব অর্জনকারী অভিনেত্রীটি হলেন নয়নতারা। নয়নতারা এতদিন বলিউডে উপযুক্ত সময় এবং সুযোগের অপেক্ষায় ছিলেন। অবশেষে সেই সময় এবং সুযোগ এসেছে। নয়নতারা অবশেষে বলিউডে পা রাখছেন। তামিল তেলেগু মালায়লাম সিনেমার দাপুটে নায়িকা বলিউড কিং শাহরুখ খানের বিপরীতে অ্যাকশন থ্রিলার সিনেমা ‘লায়ন’র জন্য শুটিং শুরু করেছেন। দক্ষিণী সিনেমার অঙ্গনে সাড়া জাগানো তরুণ চিত্রনির্মাতা অ্যাটলির নতুন ছবিতে বলিউড বাদশা শাহরুখ খান অভিনয় করতে যাচ্ছেন— এমন একটি খবর বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। ‘রাজা রাণী’, ‘থেরি’, ‘মার্সাল’, ‘বিগিল’র মতো সাড়া জাগানো সব ছবির পরিচালক অ্যাটলি শাহরুখকে কাস্ট করে বলিউডে ছবি তৈরি করবেন— তেমন খবরে সবাই নড়েচড়ে বসেছিল। দক্ষিণী তরুণ চিত্রনির্মাতা অ্যাটলি, যিনি ইতোমধ্যে বেশ কয়েকটি সাড়া জাগানো সিনেমা উপহার দিয়ে তরুণবয়সী দর্শকদের মন জয় করে নিয়েছেন। সাধারণত হলিউড এবং বিশ্বখ্যাত বিভিন্ন সিনেমা অবলম্বনে সফল ছবি নির্মাণে হাত পাকিয়েছেন তিনি। জানা গেছে, শাহরুখ-নয়নতারা জুটির নির্মাণাধীন ‘লায়ন’ ছবিটি বিখ্যাত স্প্যানিশ থ্রিলার ড্রামা সিরিজ ‘মানি হেইস্ট’র ছায়া অবলম্বণে নির্মিত হচ্ছে। এতে শাহরুখকে দ্বৈত চরিত্রে দেখা যাবে।
সম্প্রতি পুনে শহরের রেলস্টেশনে নয়নতারা এক শ্বাসরুদ্ধকর অপহরণ দৃশ্যের শুটিংয়ে অংশ নিয়েছেন। বলিউডে একটি হাইভোল্টেজ ক্রাইম সাসপেন্স থ্রিলার ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে তার অভিষেক হওয়ায় নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছেন তিনি। এই মুহূর্তে বলিউডের বহুল আলোচিত এবং সাড়া জাগানো কাস্টিংয়ের বড় আয়োজনের সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে ‘লায়ন’। তেমনি একটি ছবির মাধ্যমে দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারার বলিউডে অভিষেক হওয়ার ব্যাপারটিও আলাদা চমক সৃষ্টি করেছে। বৃত্তের বাইরে এসে নিজের যোগ্যতা এবং সক্ষমতার প্রমাণ দিতে সচেষ্ট তিনি পুরোপুরিভাবে।
