ডিএসইতে বেশির ভাগ শেয়ারের দর কমেছে

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ২১:১১

ইত্তেফাক রিপোর্ট

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে গতকাল বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। এরপরও প্রধান মূল্যসূচক কিছুটা বেড়েছে। মূলত লিজিং কোম্পানির শেয়ার দাম বাড়ায় সূচকের এ ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। গতকাল ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক ঊর্ধ্বমুখী থাকলেও শেষের দিকে নিম্নমুখী দেখা যায়। দিনের লেনদেন শেষে ১৫টি আর্থিক প্রতিষ্ঠান দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে তিনটির এবং চারটির দাম অপরিবর্তিত রয়েছে।

সবমিলিয়ে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১১৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ২২৩টির। আর ৩৮টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় পাঁচ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৩০২ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইর শরিয়াহ্ সূচক এক পয়েন্ট কমে ১ হাজার ৫৮৩ পয়েন্টে দাঁড়িয়েছ। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক পাঁচ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৯৬ পয়েন্টে অবস্থান করছে। সূচকের উত্থানের সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ২ হাজার ২৬৯ কোটি ৪৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২ হাজার ১৩৫ কোটি ৭৩ লাখ টাকা। সেই হিসাবে লেনদেন বেড়েছে ১৩৩ কোটি ৭৩ লাখ টাকা।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশের শেয়ার। কোম্পানিটির ২০৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ১১৬ কোটি ৫৫ লাখ টাকার লেনদেন হয়েছে। ১০১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স, ড্রাগন সোয়েটার, শাহজিবাজার পাওয়ার, বেক্সিমকো ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, ডেল্টা লাইফ এবং সাইফ পাওয়ার টেক। এদিকে গতকাল অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১১ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৯১ কোটি ৩৮ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩১৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৬৮টির এবং ৩৭টির দাম অপরিবর্তিত রয়েছে।