পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৫তম বার্ষিক সাধারণ সভা গতকাল বুধবার ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী সভায় সভাপতিত্ব করেন। সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস-চেয়ারম্যান এস এম শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শেদসহ পরিচালকবৃন্দ। সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ভবিষ্যত্ কর্মপরিকল্পনাসমূহ শেয়ারহোল্ডারগণের অবগতির জন্য পেশ করেন এবং শেয়ারহোল্ডারগণের বিভিন্ন মন্তব্য ও প্রশ্নের উত্তর দেন। শেয়ারহোল্ডারবৃন্দ ৩০ জুন ২০২১ইং তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন। এছাড়া সভায় ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের সম্মতিতে কোম্পানি-ঘোষিত সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ এবং উদ্যোক্তা ও পরিচালকদের জন্য ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। সভায় কোম্পানির পরিচালকদের অবসর গ্রহণ ও পুনঃনির্বাচন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। বিশেষ আলোচ্যসূচির আওতায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুযায়ী ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ওয়ালটন প্লাজার মধ্যে ১০ শতাংশের অধিক লেনদেন এবং কোম্পানির আইকনিক টাওয়ার নির্মাণের জন্য জমি কেনার সিদ্ধান্তটি সাধারণ শেয়ারহোল্ডারদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে অনুমোদিত হয়। একই সঙ্গে শেয়ারহোল্ডারদের সম্মতিতে কোম্পানিটির নাম ‘ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’ করার বিষয়টিও অনুমোদিত হয়। উল্লেখ্য, ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে ওয়ালটনের শেয়ারপ্রতি মুনাফা (বেসিক ইপিএস) হয়েছে ৫৪ দশমিক ২১ টাকা। আগের বছর ইপিএস ছিল ২৪ দশমিক ২১ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি পুনর্মূল্যায়িত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩১ দশমিক ৫৯ টাকা, যা আগের অর্থবছরে ছিল ২৬৪ দশমিক ৪৮ টাকা।—প্রেস বিজ্ঞপ্তি
