ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা
ধোবাউড়ায় কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে বুধবার মানববন্ধন হয়েছে। উপজেলার কৃষ্ণপুর থেকে কাশিনাথপুর পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার কাঁচা সড়ক পাকাকরণের জন্য যুবসমাজ, এলাকাবাসী ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। স্থানীয়রা জানান, রাস্তাটি দিয়ে কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চবিদ্যালয়, একটি কওমি মাদরাসাসহ অসংখ্য শিক্ষার্থী চলাচল করে। দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তায় জনগণের ভোগান্তি হলেও নজরে আসেনি কোনো জনপ্রতিনিধি বা কর্তৃপক্ষের। সংস্কারের কোনো কার্যকরী উদ্যোগ না থাকায় মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে উপস্থিত ছিলেন কৃষ্ণপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী শিক্ষক মুখলেছুর রহমান, মতিউর রহমান প্রমুখ।
