লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে সিএনজি অটোরিকশাচালক মহিন হত্যা মামলায় দুই আসামি মোহন ও তারেকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় প্রদান করেন। একই সঙ্গে ঐ দুই আসামির আরো ১০ হাজার টাকা করে জরিমানা, তা অনাদায়ে এক বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই আদালত অপর এক মাদক মামলায় এক যুবকের ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার বিরাহিমপুর গ্রামের মাইন উদ্দিনের ছেলে মোহন ও রশিদপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে তারেক। মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত হলেন টেকনাফের পানখালি এলাকার জালাল উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন। আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৭ জুলাই রাতে রামগঞ্জ থেকে সিএনজি ভাড়া করে নিয়ে এসে লক্ষ্মীপুর সদরের হামছাদী ইউনিয়নের বিজয়নগর গ্রামে চালক মহিনকে হত্যা করে সিএনজি নিয়ে পালিয়ে যান অভিযুক্ত আসামিরা। পরে সড়কের ওপর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
