ভেড়ামারায় নদী থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৫

ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা

ভেড়ামারায় পদ্মা নদী থেকে ভাসমান এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভেড়ামারার গোলাপনগরের ভাঙাপাড়ার কাছে পদ্মা নদী থেকে লাশ উদ্ধার করা হয়। মৃত যুবক ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য অ্যাডভোকেট মো. নেছার আহমেদের নিখোঁজ ছেলে মনির আহমেদ অন্তুর বলে দাবি তার পরিবারের। ভেড়ামারার পদ্মাপাড়ের সোলেমান শাহ মাজারে যাওয়ার পর গত চার দিন ধরে অন্তু নিখোঁজ বলে তার পরিবার জানিয়েছে।  ভেড়ামারা থানার উপ-পরিদর্শক বিশ্বজিত্ রায় জানান, প্রাথমিকভাবে দেখে চেনার উপায় নেই। তবে মরদেহের মাথায় ঝাঁকড়া চুল, বাম কানে দুল ও ডান হাতে সাধু বালা রয়েছে। লক্ষ্মীপুর নৌ-পুলিশের উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হবে।