কার্যক্রম বন্ধ
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
আগৈলঝাড়া উপজেলায় করোনার টিকা না থাকায় বুধবার থেকে অনির্দিষ্ট সময়ের জন্য টিকা প্রদান কার্যক্রম বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন টিকা বরাদ্দের জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে।
বুধবার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকার লোকজন ১ম ও ২য় ডোজের টিকা গ্রহণের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে আসলে তাদের টিকা না থাকায় কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানিয়ে দেন মেডিক্যাল টেকনোলজিস্ট (ইপিআই) মিজানুর রহমান। তিনি জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে টিকার চালান শেষ হয়ে গেছে, পাশাপাশি বরিশাল জেলা সিভিল সার্জন অফিসের ডিপোতেও বরাদ্দকৃত টিকার মজুত শেষ হয়ে গেছে। এ কারণে অনির্দ্দিষ্ট সময়ের জন্য টিকা প্রদান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, টিকা শেষ হয়ে যাওয়ায় কেন্দ্রে টিকাদান কার্যক্রম বন্ধ রয়েছে। তবে টিকার বরাদ্দের জন্য সিভিল স্বাস্থ্য অধিদপ্তর ও সার্জনকে পত্র দিয়ে জানানো হয়েছে। স্বল্প সময়ের মধ্যে টিকা বরাদ্দের আশা ব্যক্ত করেন তিনি।
