মতিউর রহমান, দিনাজপুর অফিস
বৃহত্তর দিনাজপুরে তিন জেলার ২৩টি উপজেলার ১৫ লাখ নতুন প্রস্তুতকৃত খতিয়ানের মধ্যে সাড়ে ১২ লাখ খতিয়ান প্রস্তুত করে ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের ওয়েব সাইটে দেওয়া হয়েছে। দিনাজপুর আঞ্চলিক ভূমি জরিপ অধিদপ্তরের ব্যবস্থাপনায় এসব খতিয়ান ওয়েব সাইটে সরবরাহ করা হয়েছে।
মঙ্গলবার বিকালে দিনাজপুর আঞ্চলিক ভূমি জরিপ অধিদপ্তরের কর্মকর্তা (উপ-সচিব) মো. শামছুল আজম এই তথ্য নিশ্চিত করেন। ভূমি জরিপ অধিদপ্তরের আয়োজনে আঞ্চলিক ভূমি জরিপ কার্যালয় দিনাজপুুরে অনুষ্ঠিত জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় স্থানীয় অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জোনাল সেটেলমেন্ট অফিসার এই তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, সারা দেশে গত আগস্ট মাসে ২০ লাখ খতিয়ান ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ অধিদপ্তরে ওয়েব সাইটে সরবরাহ করা হয়েছে। তার মধ্যে দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসের নতুন প্রস্তুতিকৃত সাড়ে ১২ লাখ খতিয়ান রয়েছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে ১৫ লাখ খতিয়ান ভূমি জরিপ অধিদপ্তরের ওয়েব সাইটে সরবরাহ করার লক্ষ্যমাত্রা নিয়ে জরিপ অধিদপ্তরে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা দ্রুতগতিতে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে।
