ফাহিম ও সুজনের মনোনয়নপত্র প্রত্যাহারের সম্ভাবনা নেই

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৪০

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৩২ জন পরিচালক প্রার্থী। আজ মনোনয়নপত্র প্রত্যাহারের সময় পাবেন প্রার্থীরা। নির্বাচনে আগ্রহী না হলে আজ বেলা ১২টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে। তারপর দুপুর ২টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

ক্যাটাগরি-১ এ চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর বিভাগ থেকে সাত জন ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যত পরিচালক নির্বাচিত হয়ে গেছেন। এই ক্যাটাগরিতে নির্বাচন হবে ঢাকা বিভাগ ও রাজশাহী বিভাগে। যদি আজ কেউ সরে না দাঁড়ান। ঢাকায় দুই পদের বিপরীতে চার জন, রাজশাহীতে এক পদের জন্য লড়বেন দুই প্রার্থী। ক্যাটাগরি-৩-এও নির্বাচন হচ্ছে। একটি পরিচালক পদের জন্য ভোটের লড়াইয়ে শামিল হবেন নাজমুল আবেদীন ফাহিম ও খালেদ মাহমুদ সুজন। এখানে কারোই মনোনয়নপত্র প্রত্যাহারের সম্ভাবনা নেই। জমাট লড়াইয়ের ইঙ্গিত ছিল ক্যাটাগরি-২ তথা ক্লাব কোটায়। এখানে ১২ পদের বিপরীতে ১৭ জন প্রার্থী। কিন্তু আজ কয়েকজন মনোনয়নপত্র প্রত্যাহার করবেন বলেই জানা গেছে।