এতিমদের পোশাক ও খাদ্য দিল আওয়ামী লীগের ত্রাণ উপকমিটি
ইত্তেফাক রিপোর্ট
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে গতকাল বুধবার এতিম শিশু শিক্ষার্থীদের মধ্যে উন্নতমনের পোশাক ও খাদ্য বিতরণ করেছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি। এর আগে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে এবং আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্যসচিব সুজিত রায় নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শফিউল আলম চৌধুরী নাদেল, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আওয়ামী লীগ করবেন, ক্ষমতাসীন দল করবেন, ক্ষমতায় দাপট দেখাবেন, শেখ হাসিনার অর্জনকে বিসর্জন দিবেন, তাদের এ দল করতে দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে তিনি বলেন, ঢাকা মহানগর দক্ষিণ একটা গুরুত্বপূর্ণ জায়গা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সুত্রাপুর থেকে পাশ করেছিলেন।
