শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের শ্রীপুরে আটটি কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এ সময় টের পেয়ে স্থানীয় লোকজন ধাওয়া দিলে একটি কঙ্কাল ফেলে বাকি কঙ্কাল নিয়ে পালিয়ে যায় চোরের দল। বুধবার ভোরে পৌর এলাকার লোহাগাছ গ্রামে পৌর কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত কবরস্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় রুহুল আমীন জানান, বুধবার ভোরে ফজরের নামাজ পড়তে বের হলে সাত-আট ব্যক্তিকে ব্যাগভর্তি কিছু বহন করতে দেখা যায়। তাদের মধ্যে একজন নারীও ছিল। পরে কোথায় যাচ্ছেন জানতে চাইলে তারা দৌড়াদৌড়ি শুরু করে দেয়। এ সময় একজনের মাথা থেকে একটি ব্যাগভর্তি কিছু ফেলে দেওয়া হয়। আমি এটা নজর দেওয়ার সুযোগে তারা পালিয়ে যায়। পরে ঐ ব্যাগে মানুষের কঙ্কালের মাথা, হাত-পা ও শরীরের বিভিন্ন অংশের হাড় পাওয়া যায়। বিষয়টি থানা পুলিশে জানানো হলে তারা এগুলো তাদের হেফাজতে নেয়।
স্থানীয়রা জানান, পৌরসভার নির্ধারিত কবরস্থান হওয়ায় এখানে একাধিক বেওয়ারিশ ও সহায়সম্বলহীন মানুষের মরদেহ কবর দেওয়া হয়েছে। বুধবার পৌর কবরস্থানে গিয়ে আটটি কবর খোঁড়া অবস্থায় পাওয়া যায়। পরে আশপাশের লোকজন খোঁড়া কবর দেখতে ভিড় জমায়। শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
