আড়াইহাজারে দলিল লিখক সমিতির সভাপতিসহ ছয় জন সাসপেন্ড

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ২২:১১

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজারে দুর্নীতির অভিযোগে উপজেলা দলিল লিখক সমিতির  সভাপতি ও  সাধারণ সম্পাদকসহ ছয় জনকে  সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার বেলা ১১টায় আড়াইহাজার উপজেলা সাবরেজিস্ট্রার মো. কাউছার খান  তাদের হাতে চিঠি তুলে দেন। বরখাস্তকৃতরা হলেন : উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আমান উল্লাহ আমান, সাধারণ সম্পাদক নুরুল আমিন, দলিল লেখক মো. সাজ্জাদ পারভেজ, মো. জাকারিয়া জাকির, মো. কাজল ঢালী ও আশরাফুল কবির মানিক।

জেলা রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, ২০১৯ সালে তত্কালীন সাবরেজিস্ট্রার সফিউল বারী কর্মরত থাকার সময় একটি হেবা বেল এওয়াজ দলিল রেজিস্ট্রি হয়। এতে ৬ লাখ টাকা সরকার রাজস্ব হারায়। এই ঘটনা তখন বিভিন্ন  দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। বিষয়টি দুর্নীতি দমন কমিশনের নজরে আসে। তখন দুর্নীতি দমন কমিশন  আইজিআরকে বিষয়টি তদন্ত করার নির্দেশ দেন। আইজিআর একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটি  ঘটনার সত্যতা পেয়ে ২৬ সেপ্টেম্বর নিবন্ধন অধিদপ্তর ঢাকা বিভাগের রেজিস্ট্রি অফিস সমূহের পরিদর্শক শেখ মো. আনোয়ারুল হক স্বাক্ষরিত একটি চিঠিতে তাদের সাময়িক বহিষ্কার করেন এবং চিঠি প্রাপ্তির ১৫ দিনের মধ্যে জবাব জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।

আড়াইহাজারের সাবরেজিস্ট্রার মো. কাউছার খান  জানান, বুধবার বেলা ১১টায় আমি কর্তৃপক্ষের আদেশ পালন করে  অভিযুক্তদের হাতে চিঠি  পৌঁছে দিই। এতে আমার কোনো সম্পৃক্ততা নেই। এই ঘটনা আমি যোগদানের অনেক আগে। সরেজমিনে দেখা গেছে, বরখাস্তের চিঠি হাতে পেয়ে দলিল লিখকরা সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে মিছিল বের করেন। আড়াইহাজার উপজেলা দলিল লিখক সমিতির সভাপতি আমান উল্লাহ আমান তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা এর বিরুদ্ধে আপিল করব।