দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের (ইউপি) তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ১১ নভেম্বর ভোট অনুষ্ঠিত হবে। বুধবার নির্বাচন কমিশনের সভায় এ সময়সূচি চূড়ান্ত হওয়ার পর ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ ধাপের ভোটের তপশিল ঘোষণা করেন। চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী হতে আগ্রহীরা আগামী ১৭ অক্টোবর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ২০ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং প্রত্যাহার করা যাবে ২৬ অক্টোবর পর্যন্ত। ভোটগ্রহণ হবে ১১ নভেম্বর।
বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচন, সপ্তম ধাপের পৌর নির্বাচনেরও তারিখও চূড়ান্ত করা হয়। আগামী ২ নভেম্বর ঐ নির্বাচন হবে। তৃতীয় ধাপের ৮৪৮টি ইউপির মধ্যে ২০টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে। তবে তৃতীয় ধাপের ইউপি ভোটের তপশিল ও নারায়ণগঞ্জ সিটিসহ অন্যান্য নির্বাচন নিয়ে আগামী সপ্তাহে কমিশন বৈঠকে সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া ডিসেম্বরের মধ্যে নির্বাচন উপযোগী সব ইউপি ও পৌরসভার ভোট ডিসেম্বরের মধ্যে শেষ হবে। এ সময় ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, এনআইডি উইংয়ের ডিজি এ কে এম হুমায়ুন কবীর, ইসির যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান, এস এম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
করোনা ভাইরাস মহামারির মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ৩৬৪ ইউপির ভোট শেষ হয়েছে। এ নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন দল অংশ নিলেও বিএনপি নেয়নি না।
সিরাজগঞ্জ-৬ উপনির্বাচন :আওয়ামী লীগের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে শূন্য হওয়া সিরাজগঞ্জ-৬ আসনে উপনির্বাচন হবে ২ নভেম্বর। ঘোষিত তপশিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে ১০ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই হবে ১১ অক্টোবর; প্রত্যাহারের শেষ সময় ১৭ অক্টোবর। শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিবুর রহমান স্বপন গত ২ সেপ্টেম্বর মারা যান।
১০ পৌরসভার ভোট ২ নভেম্বর :আগামী ২ নভেম্বর সিরাজগঞ্জ-৬ আসনে উপনির্বাচনের দিনই সপ্তম ধাপের ১০ পৌরসভার নির্বাচন হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৮ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ১১ অক্টোবর। আর ১৭ অক্টোবর পর্যন্ত প্রত্যাহার করা যাবে। এই ১০ পৌরসভা হলো—নরসিংদীর ঘোড়াশাল, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, ফেনীর ছাগলনাইয়া, খাগড়াছড়ির রামগড়, বগুড়ার সোনাতলী, দিনাজপুরের ঘোড়াঘাট, নীলফামারীর ডোমার, নড়াইলের লোহাগড়া, কিশোরগঞ্জের পাকুন্দিয়া এবং চাঁপাইনবাবগঞ্জের চাঁপাইনবাবগঞ্জ।
সংরক্ষিত মহিলা আসন-৪৫-এর উপনির্বাচন :জাতীয় পার্টি-জাপার নেতা ও সংসদ সদস্য অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া সংরক্ষিত মহিলা আসন-৪৫-এর উপনির্বাচন নিয়েও কমিশন বৈঠকে আলোচনা হয়। এ নির্বাচনের তারিখ নিয়ে পরবর্তী বৈঠকে আবার আলোচনা হবে বলে জানান ইসি সচিব।
জানুয়ারিতে জেলা পরিষদের নির্বাচন :আগামী জানুয়ারি মাসে দেশের জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল কমিশন সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা জানান, আমরা সিদ্ধান্ত নিয়েছি ডিসেম্বরের মধ্যে সব ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করা হবে। জানুয়ারির দিকে জেলা পরিষদ নির্বাচন করা হবে।
কমিশনের সচিব হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের বলেন, পরিষদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চিঠি পেয়েছি। তবে আপনারা জানেন, ইউনিয়ন পরিষদসহ স্থানীয় পরিষদের জনপ্রতিনিধিরাই জেলা পরিষদ নির্বাচনের ভোটার। ফলে এই ভোট শেষ না হওয়া পর্যন্ত জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠান করতে গেলে কিছুটা সমস্যায় পড়তে হবে। যে কারণে কমিশন সিদ্ধান্ত নিয়েছে পরিষদের নির্বাচন শেষ হওয়ার পরেই জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
