খুলনায় পিস্তলসহ ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ২২:৫৪

খুলনায় পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ মো. রাজীব শেখ (২৯) নামে ২০ বছরের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর আড়ংঘাটা থানা এলাকার গাইকুড় প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাজীব আড়ংঘাটার গাইকুড় দক্ষিণপাড়ার ইয়াসিন শেখের ছেলে। উক্ত ঘটনায় গতকাল বুধবার তার বিরুদ্ধে আড়ংঘাটা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আড়ংঘাটা থানা এলাকার গাইকুড় প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে রাজীব শেখকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রাজীবের বিরুদ্ধে দুইটি মাদকের মামলা, একটি চুরি মামলা এবং একটি অস্ত্র মামলা রয়েছে। এসব মামলায় তার ২০ বছর সশ্রম কারাদণ্ড হয়েছে।