‘মুজিববর্ষ’ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনের অংশ হিসেবে নিউ ইয়র্কস্থ কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘বাংলা কর্নার’ স্থাপন করা হয়েছে। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউ ইয়র্কের উদ্যোগে এবং কুইন্স পাবলিক লাইব্রেরির সহযোগিতায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মঙ্গলবার এ কর্নার উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, নিউ ইয়র্ক স্টেট সিনেটর জন সি. ল্যু, কুইন্স বোরো প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ডস এবং কুইন্স পাবলিক লাইব্রেরির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডেনিস এম ওয়ালকট। এছাড়াও, বীর মুক্তিযোদ্ধাসহ বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সদস্যরা অনুষ্ঠানে যোগ দেন।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কম্যুনিটির সর্ববৃহত্ আবাসস্থল নিউ ইয়র্কস্থ কুইন্স বোরো যেখানে ইংরেজি, স্প্যানিশ ও চাইনিজ ভাষার পরেই বাংলা চতুর্থ বৃহত্ ভাষা হিসেবে ব্যবহূত হয়। সে কারণে উক্ত বোরোতে অবস্থিত কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘বাংলা কর্নার’ উদ্বোধন বিশেষ তাত্পর্য বহন করে। ‘বাংলা কর্নার’টিতে সর্বমোট ৩০৯টি বই বাংলাদেশ কনস্যুলেটের পক্ষ থেকে প্রদান করা হয়। বইগুলো বঙ্গবন্ধু, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির বিষয়ে বাংলাদেশের প্রথিতযশা লেখক ও সাহিত্যিকদের লেখা। এছাড়াও, বাংলাদেশের উপন্যাস, গল্পসমগ্রসহ শিশু-কিশোর উপজীব্য বইসমূহ এ কর্নারে স্থান পেয়েছে।
