রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের আরটিপিসিআর পরীক্ষার মাধ্যমে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার প্রক্রিয়ায় অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ। ফলে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই, আবুধাবি এবং শারজাহ যাওয়ায় কোনো বাধা থাকল না বাংলাদেশিদের।
গতকাল বুধবার ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্দুল্লাহ আলি আলহামুদির সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি পাঠানো হয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বরাবর। বাংলাদেশসহ ১০টি দেশ থেকে যাত্রীদের যাওয়ার ক্ষেত্রে ফ্লাইটের ছয় ঘণ্টা আগে বিমানবন্দরেই র্যাপিড পিসিআর পদ্ধতিতে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার শর্ত দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে বাংলাদেশ বিমানবন্দরে র্যাপিড পিসিআর পদ্ধতির বদলে আরটি-পিসিআর পদ্ধতিতে যাত্রীদের নমুনা পরীক্ষার উদ্যোগ নেয়। র্যাপিড পিসিআর পদ্ধতির বদলে আরটি-পিসিআর পদ্ধতিতে নমুনা পরীক্ষা করলে সেটির ফলাফল গ্রহণের জন্য আমিরাত কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়।
আমিরাত দূতাবাসের এ চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার বিমানবন্দরে আরটি-পিসিআর পদ্ধতিতে যাত্রীদের নমুনা পরীক্ষার যে প্রস্তাব করেছিল, সংযুক্ত আরব আমিরাতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সেটি অনুমোদন করেছে। তবে এ ক্ষেত্রে বিমানবন্দরের অভ্যন্তরে নমুনা পরীক্ষা করতে হবে। একই সঙ্গে এটি নিশ্চিত করতে হবে যে নমুনা ফ্লাইটের পরীক্ষাটি করা হচ্ছে ফ্লাইট ছাড়ার আগের ছয় ঘণ্টার মধ্যে। আমিরাত কর্তৃপক্ষ বলছে, গতকাল বুধবার দুপুর ১২টা থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। অর্থাত্ গতকাল বুধবার ১২টার পর থেকে যে কোনো সময় বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে ফ্লাইট পরিচালনা করা যাবে। চিঠিতে বেবিচক চেয়ারম্যানকে বলা হয়েছে, তিনি যেন বাংলাদেশ ও আমিরাতের মধ্যে ফ্লাইট চালনার অনুমতি দেন।
গতকাল বুধবার বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ ( বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, যাত্রীদের যাওয়ার ক্ষেত্রে ফ্লাইটের ছয় ঘণ্টা আগে বিমানবন্দরেই র্যাপিড পিসিআর পদ্ধতিতে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার শর্ত দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। বিভিন্ন কারণে র্যাপিড পিসিআর পদ্ধতির বদলে আরটি-পিসিআর পদ্ধতিতে যাত্রীদের নমুনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়। এখন আরব আমিরাত র?্যাপিড পিসিআর এর শর্ত তুলে নিয়েছে। মফিদুর রহমান বলেন, বিমানবন্দরে ছয়টি প্রতিষ্ঠান ঘণ্টায় ১ হাজার জনের পরীক্ষা করতে পারবে। জনপ্রতি ১ হাজার ৬০০ টাকা চার্জ নেবে তারা। যাত্রীদের ফ্লাইটের ছয় ঘণ্টা আগে বিমানবন্দরে আসতে হবে বলে জানান বেবিচক চেয়ারম্যান। তিনি বলেন, কিছু আনুষ্ঠানিকতা আছে সেজন্য যাত্রীদের হাতে সময় নিয়ে আসতে হবে। এয়ারলাইন্সগুলো আজ থেকেই যাত্রী নিতে পারবে। আর কোনো বাধা নেই। আরব আমিরাত যেতে হলে যাত্রীদের ফ্লাইটের ৪৮ ঘণ্টার মধ্যে ১ বার এবং ফ্লাইটের ছয় ঘণ্টা আগে বিমানবন্দরে করোনা পরীক্ষা করতে হবে।
