আমরুল্লাহ সালেহর নেতৃত্বে নির্বাসিত সরকারের ঘোষণা আফগানিস্তানে

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ০০:১৪

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ ঘানি সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহর নেতৃত্বে নির্বাসিত সরকার গঠনের ঘোষণা করা হয়েছে। ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে, সুইজারল্যান্ডে আফগান দূতাবাস থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, সালেহর নেতৃত্বে ঘোষিত নির্বাসিত সরকারই ইসলামিক রিপাবলিক অব আফগানিস্তানের একমাত্র ‘বৈধ’ সরকার। খামা প্রেস নিউজ এজেন্সির বরাত দিয়ে বলা হয়েছে, এই সরকার আফগান জনগণের ভোটে নির্বাচিত। অন্য কোনো সরকার এই বৈধ সরকারের জায়গা নিতে পারে না।

গত ১৫ আগস্ট কাবুল পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রেসিডেন্ট ঘানি। সেই সময় উত্তরের পঞ্জশির উপত্যকায় গিয়ে নর্দার্ন অ্যালায়্যান্সের সঙ্গে জোট গড়ে তালেবানের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ করেছিলেন সালেহ। ইতিমধ্যে তালেবান পঞ্জশিরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান টালমাটাল পরিস্থিতিতে নিয়ম মেনে আমরুল্লাহ সালেহ নেতৃত্ব দেবেন। সমস্ত প্রশাসনিক, বিচার-বিভাগীয় এবং আইনি ক্ষমতা এই সরকারের হাতেই থাকবে। বিদেশে ইসলামিক রিপাবলিক অব আফগানিস্তানের সব দূতাবাস এবং কনস্যুলেটে কাজকর্ম শুরু করারও নির্দেশ দেওয়া হয়েছে বিবৃতিতে। যদিও সালেহ ছাড়া এই সরকারে আর কারা কারা রয়েছেন তা উল্লেখ করা হয়নি।