গাজীপুর জেলা যুবদল থেকে ২০ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। গাজীপুরের শ্রীপুরে উপজেলা যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে তারা পদত্যাগ করেন। বুধবার সন্ধ্যায় গাজীপুর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে জেলা যুবদলের সহসভাপতি লিয়াকত আলী জানান, গত ২৩ সেপ্টেম্বর শ্রীপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে যারা স্থান পেয়েছেন তাদের শ্রীপুরের রাজনীতিতে কোনো সম্পৃক্ততা নেই। এদের মধ্যে এক যুগ্ম-আহ্বায়কের বাড়ি পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলায়। ঘোষিত কমিটির নেতারা তাদের নিজ নিজ ইউনিয়ন থেকেও বিতাড়িত।
তারা অভিযোগ করেন, শ্রীপুরের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে উপজেলা যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে। তাই গাজীপুর জেলা যুবদলের কমিটিতে স্থান পাওয়া শ্রীপুরের সব নেতা একযোগে পদত্যাগের ঘোষণা দেন।
এ ব্যাপারে জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মনির জানান, যুবদলের কেন্দ্রীয় ও ঢাকা বিভাগীয় নেতাদের সঙ্গে পরামর্শ করে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
