রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) চিকিত্সা, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বিএসএমএমইউ-এর একটি প্রতিনিধিদল বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত্ করতে গেলে এ আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি হামিদ করোনা মোকাবিলায় বিএসএমএমইউ এর ভূমিকার প্রশংসা করেন এবং চিকিত্সক ও নার্সসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি করোনা চিকিত্সার জন্য অন্য রোগের চিকিত্সা যাতে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলেন।
রাষ্ট্রপ্রধান বলেন, এই বিশ্ববিদ্যালয়কেই রোগ নির্ণয়, চিকিত্সাসেবা প্রদান এবং রোগী ও স্বজনদের প্রতি সেবা প্রদানকারীদের আচরণের ক্ষেত্রে সর্বোচ্চ আস্থা ও স্বস্তির জায়গায় পরিণত করতে হবে।
উপাচার্য অধ্যাপক ডাক্তার মো. শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে এই প্রতিনিধিদলে আরো ছিলেন প্রো-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ ও পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান।
রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব মুন্সি জালাল উদ্দিন বাসসকে জানান, উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
