‘জলবায়ুর প্রভাব মোকাবিলায় চাই অভ্যন্তরীণ সক্ষমতা’

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৫

ইত্তেফাক রিপোর্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি করতে হবে বলে মন্তব্য করেছেন জলবায়ু পরিবর্তন ও উন্নয়ন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, ২০৩০ সালের মধ্যে অভীষ্ট লক্ষ্য অর্জনে সমন্বিতভাবে  সকলকে কাজ করতে হবে। এতে সরকারের পাশাপাশি বেসরকরি সংস্থার উদ্যোগগুলোকেও সম্পৃক্ত করতে হবে। গত রবিবার আগারগাঁওস্থ পিকেএসএফ ভবন মিলনায়তনে ‘এসডিজি ১৩: জলবায়ু কার্যক্রম’ বিষয়ক সেমিনারে বক্তারা এ সব কথা বলেন। ‘গণমানুষের কণ্ঠস্বর: বাংলাদেশে ২০৩০ টেকসই উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন জোরদারকরণ’ শীর্ষক প্ল্যাটফর্ম এ সেমিনারের আয়োজন করে। 

প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেন, ২০৩০ সালের মধ্যে সকল অভীষ্ট অর্জনের লক্ষ্যে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে সকলকে। পিকেএসএফ চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের জন্য সুপরিকল্পিত উদ্যোগ গ্রহণ, অভ্যন্তরীণ সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত ও স্থানীয় পর্যায়ে তা সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে হবে।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপনা করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. সুলতান আহমেদ। জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় উন্নত বিশ্বের দিকে না তাকিয়ে নিজেদেরই উদ্যোগ গ্রহণ করতে হবে এবং অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি করতে হবে। আলোচনায় অংশ নেন পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল করিম, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান-এর সাবেক পরিচালক (গবেষণা) ড. আসাদুজ্জামান এবং মুক্ত আলোচনা পর্বে সরকারের বিভিন্ন সংস্থাসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি তাদের মতামত ব্যক্ত করেন।