প্রকাশিত হলো কবি জিললুর রহমানের ৪র্থ কবিতার বই ‘আত্মজার প্রতি ও অন্যান্য কবিতা’। নির্ঝর নৈঃশব্দ্যের নান্দনিক প্রচ্ছদে বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা ‘খড়িমাটি’।
তিন ফর্মার এ কবিতার বইটিতে রয়েছে বেশকিছু দীর্ঘকবিতাসহ ১২টি কবিতা, যার বিনিময়-মূল্য ধরা হয়েছে ১৫০ টাকা। বইটি পাওয়া যাচ্ছে ঢাকা ও চট্টগ্রামের বাতিঘর শাখায়। এছাড়া পাওয়া যাবে পাঠক সমাবেশ ও খড়িমাটির কার্যালয়ে।
‘আত্মজার প্রতি ও অন্যান্য কবিতা’ ও কবি জিললুর রহমান সম্পর্কে বইটির প্রকাশক- কবি ও সম্পাদক মনিরুল মনির ফ্ল্যাপে লিখেছেন, জিললুর রহমানের কবিতায় সময় ও জীবন অনায়াসে এসে যায়। এক রকম ক্ষরণপ্রিয় এই কবি মাপজোক করে শব্দ বুনেন। দীর্ঘ কবিতায়ও তিনি সফল। এই বইয়ে বেশ কয়েকটি দীর্ঘ কবিতা রয়েছে। ‘আত্মজার প্রতি ও অন্যান্য কবিতা’ একটি স্বস্তির বই। নির্ভরতার বই।
মনিরুল মনির মনে করেন, এ বইয়ের কবিতাগুলো পাঠে মনে হবে, শব্দের অপচয় এড়িয়ে গিয়ে প্রাতরাশে এক কাপ সূর্যকে ধারণ করেছেন কবি। বিষয়ের আর্দ্রতা বহন করে অন্যরকম মর্যাদাকে এখানে উপস্থাপন করেছেন তিনি। জিললুর রহমানের এ বই আপ্লুত করবে সকলকে।
ইত্তেফাক/এসজেড
