চট্টগ্রামে করোনা সংক্রমণ হার ৫ শতাংশের নিচে

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৪:১৫

চট্টগ্রামে একটানা ১৪ দিন করোনাভাইরাসের সংক্রমণ হার ৫ শতাংশের নিচে রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৪ জনের নমুনায় ভাইরাস শনাক্ত হয়। সংক্রমণ হার ২ দশমিক ৪৫ শতাংশ। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত ৩ রোগীর মৃত্যু হয়।

করোনা সংক্রান্ত চট্টগ্রামের হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত আজকের প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।

চট্টগ্রামে করোনাভাইরাস সংক্রমণ কমেছে

প্রতিবেদনে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি, কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালসহ নগরীর সরকারি-বেসরকারি বারো ল্যাব এবং এন্টিজেন টেস্টে গতকাল বুধবার চট্টগ্রামের ১ হাজার ৭৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ৪৪ জনের মধ্যে শহরের ২৪ ও ছয় উপজেলার ২০ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ হাটহাজারীতে ১৪ জন, বোয়ালখালীতে ২ জন এবং রাউজান, লোহাগাড়া, পটিয়া ও চন্দনাইশে একজন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা এখন ১ লাখ ১ হাজার ৭২৪ জন। এদের মধ্যে শহরের ৭৩ হাজার ৬৭১ জন ও গ্রামের ২৮ হাজার ৫৩ জন।

গতকাল করোনায় শহরের এক ও গ্রামের ২ রোগীর মৃত্যু হয়। মৃতের সংখ্যা এখন ১ হাজার ২৯৯ জন। এতে শহরের ৭১৬ ও গ্রামের ৫৮৩ জন।

ইত্তেফাক/কেকে