স্লিম কোমরের অধিকারী হবেন যেভাবে  

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১৯:২৩

করোনার কারণে গেলো দেড়টা বছর অধিকাংশ মেয়েরা বাড়িতেই থাকতে বাধ্য হয়েছেন। কর্মজীবী নারীরা অভ্যস্ত হয়েছেন হোম অফিসে। এর ফলে শরীরে বাসা বেঁধেছে মেদ। নিয়মিত ব্যায়াম করে হয়তো শরীরের অতিরিক্ত মেদ ঝরিয়ে ফেলা সম্ভব। কিন্তু পেটের মেদ কামাতে কপালের ঘাম পায়ে ফেলেও অনেকে কিছুতেই মেদহীন ছিপছিপে কোমরের অধিকারী হতে পারছেন না। কিন্তু কিছু নিয়ম মেনে চললে পেটের মেদ ঝরানো খুব একটা কঠিন কিছু নয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক সে নিয়ম গুলো কী কী। 

পুষ্টিকর খাবার খাবেন 
অনেকের মাঝেই একটি ভ্রান্ত ধারণা থাকে, সেটা হলো কম খেলে ওজন কমবে। ঘণ্টার পর ঘণ্টা পেট খালি রাখলে হিতে বিপরীত হবে। পেটে গ্যাস কিংবা অন্যান্য শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। তার চেয়ে শাকসবজি, ফল, দুগ্ধজাত খাবার, ভাত-রুটি ইত্যাদি মিলিয়ে অল্প অল্প করে মেপে মেপে খাওয়ার চেষ্টা করুন। প্রয়োজনে একজন পুষ্টিবিদের পরামর্শ নিন।

নিয়মিত শরীরচর্চা করবেন 
এতদিনের জমে থাকা পেটের মেদ কিন্তু কয়েক দিনেই ঝরিয়ে ফেলার চিন্তা করলে ভুল করবেন। অনেকেই অতিরিক্ত শরীরচর্চা করে পেটের মেদ কমিয়ে ফেলতে চান। এমনটা না করাই ভালো। প্রতিদিন ঠিক যতখানি ব্যায়াম করা প্রয়োজন ততখানিই করুন। না হলে অন্যান্য রোগ দেখা দিতে পারে। পেটের মেদ ঝরানোর সহজ উপায় হতে পারে নিয়মিত হাঁটা। প্রতিদিন ৪০ থেকে ৫০ মিনিট হাঁটার চেষ্টা করুন। অসুবিধা হলে যতটুকু পারেন, ততটুকু করুন। 

পানি কম খাওয়া চলবে না
পানি কম পান করার অভ্যাস আছে অনেকের। এই ভুলটা করবেন না। পেটের মেদ ঝরানোর প্রাথমিক শর্ত পর্যাপ্ত পরিমাণে পানি পান করা। এতে শরীরে একটা সতেজ ভাব আসে। সেই সঙ্গে পেট ফাঁপার মতো সমস্যাও কম হয়। আর ত্বকে জেল্লা ফিরিয়ে আনতে পানি পান করার কোনো বিকল্প নেই।

পেটের মেদ কমাতে বিশেষ জাপানি ব্যায়াম
এই ব্যায়ামটির জন্য একটি মাঝারি আকারের তোয়ালে আর একটি যোগাসন করার মাদুরের প্রয়োজন। প্রথমে চিৎ হয়ে হাত ও পা ছড়িয়ে শুয়ে পড়ুন। এবার তোয়ালেটি ভালো করে মুড়ে নিয়ে কোমরের উপর রাখুন। চেষ্টা করবেন নাভির ঠিক তলায় রাখতে। এবার পা দুটি কাঁধের দূরত্বের সমান করুন। খেয়াল রাখুন পায়ের আঙুলগুলো যেন একে-অপরকে ছুঁয়ে থাকে। এবার মাথার উপরে হাতদুটি নিয়ে যান। এ সময় হাতের তালু থাকবে নীচের দিকে। এই অবস্থায় কড়ে আঙুল দিয়ে মেঝেকে স্পর্শ করুন। মিনিট পাঁচেকের জন্য এই ভঙ্গিতে থাকার চেষ্টা করুন। তারপর ধীরে ধীরে শরীর শিথিল করুন। এতে পেটের মেদ কমবে বলে বিশ্বাস করে জাপানিরা। তারা আরো মনে করে পেটের মেদ কমানোর পাশাপাশি পিঠ সোজা রাখা ও পিঠের ব্যথা কমানোর ক্ষেত্রেও কাজে লাগে এই ব্যায়াম।

ওটস, গ্রিন টি, তরমুজ, শশা ও সামুদ্রিক মাছ  
যারা সুন্দর কোমরের অধিকারী হতে চান তারা ব্রেকফাস্টে ওটসের ওপর ভরসা রাখতে পারেন। পাশপাশি গ্রিন টি পান করতে পারেন। কারণ, পেটের মেদ কমাতে শরীর থেকে অতিরিক্ত টক্সিন দূর করতেই হবে। আর টক্সিন দূর করার সবচেয়ে ভালো উপায় ডায়েটে গ্রিন টি রাখা। যদি সম্ভব হয় তরমুজ ও শশা খেতে পরেন। কলার থেকে দ্বিগুন পটাশিয়াম থাকে তরমুজে। এর অ্যান্টিঅক্সিড্যান্ট, লো ক্যালরি শরীরে অতিরিক্ত ফ্লুইড জমতে দেয় না। এছাড়া সুন্দর কোমর পেতে সবচেয়ে প্রয়োজনীয় অ্যানিমাল প্রোটিন সামুদ্রিক মাছ। এতে অন্যান্য প্রোটিনের মতো মেদও জমে না, পুষ্টি জোগায়।

ইত্তেফাক/আরএম