প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে কৃষিপ্রধান বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে বাগান বাধ্যতামূলক করা এখন সময়ের দাবি। আমাদের শিক্ষার মূলভিত্তি হওয়া উচিত কৃষি এবং প্রযুক্তি। কৃষি আমাদের ভিত্তি। কৃষি জীবন ও জীবিকার কথা বলে। কৃষিতে রয়েছে সমৃদ্ধি, কল্যাণ ও মুক্তি। তাই শিক্ষাজীবনের শুরুতে প্রাথমিক স্তর থেকে শিশুদের কৃষি সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাগান সৃজন করা আবশ্যক। বিদ্যালয় বাগানের স্লোগান হবে ‘কৃষি শিখি দেশ গড়ি’। শিশুদের প্রকৃতি পাঠ, প্রকৃতি পর্যবেক্ষণ, নিরাপদ খাদ্যপুষ্টি সরবরাহ, পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে বাগানকেন্দ্রিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিশুরা ফুলের মতো। একটি ফুলকে একটি শিশুর সঙ্গে তুলনা করা হয়। শিশুর মন বিকশিত করতে বিদ্যালয় অঙ্গনে বাগান চাষ একটি অপরিহার্য বিষয়। বর্তমান সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিকে বেগবান ও সফল করতে বিদ্যালয় বাগান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফুলের পাশাপাশি বিভিন্ন মৌসুমি ফল ও শাকসবজি চাষ করলে আমাদের সবুজ বাংলাদেশের গ্রিন হাউজ এফেক্টকে হ্রাস করবে। বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিদ্যালয় বাগানের কোনো বিকল্প নেই।
উন্নত সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে বিদ্যালয় বাগান উন্নয়নের রোল মডেল হতে পারে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, দূষণমুক্ত নির্মল পরিবেশ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিদ্যালয় বাগান নতুন যুগের সূচনা করবে। স্কুলগামী শিশুদের ব্যবহারিক কৃষিশিক্ষার জন্য বিদ্যালয় বাগান বাধ্যতামূলক করা আশু প্রয়োজন। ভবিষ্যত্ প্রজন্মকে সুস্থ ও সবলভাবে বাঁচাতে বাধ্যতামূলক বিদ্যালয় বাগান আইন জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আল ফারুক
সহকারী শিক্ষক,
৬২ নম্বর নুনসাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়,
রতিনাথপুর, মুরাদপুর, সদর, দিনাজপুর
