সদরপুর-পিঁয়াজখালী সড়ক সংস্কার করা হবে ..... এমপি নিক্সন চৌধুরী

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ২১:১৭

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, কার্পেটিং উঠে যাওয়ায় সদরপুর-পিয়াজখালী পাঁচ কিলোমিটার আঞ্চলিক সড়কে গত দুই-তিন বছর ধরে যাতায়াত কঠিন হয়ে পড়েছে। সড়কটি সংস্কারের জন্য টেন্ডার দেওয়া হলেও দুর্নীতির দায়ে ঠিকাদার জেলহাজতে যাওয়ায় কাজ বন্ধ। যানবাহন চলাচলের জন্য আমার নিজস্ব তহবিল থেকে সড়কটি সংস্কার করে দেওয়া হবে।

শুক্রবার দুপুরে সদরপুর-পিয়াজখালী সড়ক ও সদরপুর সদরে রাসেল স্টেডিয়াম নির্মাণের জন্য জায়গা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, স্টেডিয়াম নির্মাণ করে ছাত্রছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় ফিরিয়ে আনার জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় তিনি কর্তৃপক্ষকে কাজ দু্ইটি দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান, সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুলসহ বিভিন্ন নেতাকর্মী।