রংপুরে এক দিনে তিন লাশ উদ্ধার

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ২১:২৭

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর মহানগরীর বিভিন্ন এলাকা থেকে তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে এক যুবকসহ দুই গৃহবধূর লাশ রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাশগুলো উদ্ধার করা হয়েছে। রংপুর নগরীর কাছনা মধ্যপাড়া তকেয়ারপাড় ও রামপুরা সাতগাড়া এবং কাউনিয়া উপজেলার হারাগাছের সত্বাজার এলাকা থেকে লাশ তিনটি উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, মেট্রোপলিটন হারাগাছ থানা এলাকায় সত্বাজার থেকে সকিনা বেগম নামের এক গৃহবধূর লাশ উদ্ধার হয়। পরিবারের লোকজন তাকে নিজ ঘরে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়। এছাড়া হারাগাছ থানা এলাকার কাচনা মধ্যপাড়া তকেয়ারপাড় গ্রাম থেকে রাজু মিয়া নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। অন্যদিকে নগরীর রামপুরা সাতগাড়া এলাকা থেকে পুলিশ গৃহবধূ সুলতানা সুমির লাশ উদ্ধার করেছে। সুলতানা সুমি ঐ এলাকার এ এস এম বখতিয়ার রহমান তুষারের স্ত্রী।

এ ব্যাপারে হারাগাছ থানাপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী চৌধুরী জানান, সকিনা বেগমের লাশ নিয়ে সন্দেহ দেখা দিলে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে। রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রাজিবুল সুনিয়া দুই গৃহবধূসহ তিন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।