পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
খাদ্যের অভাবে নিজ এলাকা যশোরের কেশবপুর ছেড়ে পাইকগাছার কপিলমুনির দিকে ছুটে এসেছে কালোমুখো দুটি হনুমান। উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে দলছুট হনুমান দুটি। খাদ্যের সন্ধানে দীর্ঘ ৪০/৫০ কিলোমিটার পথ অতিক্রম করে পাইকগাছার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। শুক্রবার গাছে গাছে ও প্রাচীরের ওপর চলাচল করতে দেখা যায়। উত্সুখ জনতার মধ্যে অনেকে কলা, বিস্কুট, পাউরুটি দিলে তারা তা খেয়ে ক্ষুধা নিবারণ করছে।
যশোর জেলার কেশবপুর থানার বিভিন্ন গ্রামে হনুমানের বসবাস। প্রাণী বিভাগের তত্ত্ব্বাবধানে এদের দেওয়া হয় বিভিন্ন খাদ্যসামগ্রী। ঐ এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রায় ৩০০-৪০০ হনুমান। খাদ্যের সংকট দেখা দিলে মাঝেমধ্যে কিছু হনুমান আবাসস্থল রেখে বেড়িয়ে পড়ে অন্যত্র। কখনো কখনো অধিক খাদ্য ও ভালো আবাসের সন্ধানে মাইলের পর মাইল অতিক্রম করে লোকালয়ে চলে আসে। এ বিষয় পাইকগাছা প্রাণী অধিদপ্তরের কর্মকর্তা জয়নুল আবেদীন পিন্টু বলেন, মনুষ্যে সৃষ্টি বৈশ্বিক আবহাওয়া, মানুষের উত্পাত, খাদ্য, বন ও পরিবেশের কারণে হনুমানগুলো দলে দলে এলাকা ত্যাগ করে থাকে। কেউ ফিরে যায়, অনেক হনুমান মারাও যায়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, যে হনুমানগুলো এসেছে তাদের উত্ত্যক্ত করা যাবে না, তারা এ উপজেলার মেহমান।
