সুজানগর (পাবনা) সংবাদদাতা
সুজানগরে বখাটের উত্পাত বাড়ায় স্কুল-কলেজে পড়ুয়া ছাত্রীদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ভুক্তভোগী ছাত্রীর অভিভাবকরা জানান, স্কুল-কলেজে যাওয়ার সময় হলে বখাটে ছেলেরা রাস্তায় দাঁড়িয়ে থাকে। ছাত্রীরা যখন রাস্তা দিয়ে স্কুল-কলেজে যায় তখন তারা তাদের পিছু নেয় এবং অশ্লীল কথাবার্তা বলে উত্ত্যক্ত করে।
সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক নবম শ্রেণির একজন ছাত্রী জানায়, গত রবিবার সকাল ৯টার দিকে সে প্রাইভেট পড়া শেষ করে বিদ্যালয়ে আসছিল। এ সময় মুখে মাস্ক পরা এক বখাটে যুবক বিদ্যালয়ের পূর্ব গেট এলাকা থেকে তাকে প্রেম নিবেদন করে। এক পর্যায়ে ঐ ছাত্রী তাকে থানা পুলিশের ভয় দেখালে সে পালিয়ে যায়। ঐ বিদ্যালয়ের একাধিক ছাত্রী জানায়, ইতিপূর্বে তাদেরও একই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এ ব্যাপারে থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল কদ্দুস বলেন, শিগিগরই বখাটেদের উত্পাত বন্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
